রাজশাহীতে নগরের একাংশে গ্যাস-পানি সরবরাহ বন্ধ

রাস্তা সংস্কারকাজ করতে গিয়ে রাজশাহী নগরের গ্যাস ও পানির পাইপলাইন ফেটে গেছে। এ কারণে আজ বুধবার দুপুর থেকে নগরের বেশ কিছু এলাকায় পানি ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত সাড়ে আটটা পর্যন্ত গ্যাস ও পানি সরবরাহ শুরু হয়নি। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন নগরের বেশ কয়েকটি মহল্লার বাসিন্দারা।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, তাঁরা নগরের তালাইমারী-ভদ্রা সড়কের সংস্কারকাজ করছেন। ‘মীর আক্তার লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান কাজটি করছে। আজ দুপুরে তালাইমারী এলাকায় সংস্কারকাজের জন্য রাস্তার একপাশে এক্সকাভেটর দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল। তখন অসাবধানতাবশত এক্সকাভেটরের আঘাতে গ্যাস ও পানির পাইপলাইন ফেটে যায়।
নগরের কালুমিস্ত্রির মোড় এলাকার গৃহিণী আলিয়া রূপি বলেন, ‘দুপুর থেকেই তাঁর চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় থেকে থেকে রাতের খাবারের জন্য দোকান থেকে কলা-পাউরুটি নিয়ে এসেছেন।’
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এবং রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) জানিয়েছে, মাটির নিচে ওই এলাকায় আট ইঞ্চি ব্যাসার্ধের প্লাস্টিকের পাইপের মাধ্যমে পানি এবং ছয় ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হতো। দুর্ঘটনার পর পানি এবং গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে নগরের টিকাপাড়া, সাগরপাড়া, বালিয়াপুকুর ও রানিনগরসহ আশপাশের কয়েকটি মহল্লার বাসিন্দারা পানি ও গ্যাস পাচ্ছেন না। শুধু গ্যাস নিয়ে ভুক্তভোগী পরিবারের সংখ্যা হাজার খানেক। আর পানি নিয়ে ভুক্তভোগী অসংখ্য মানুষ।
পিজিসিএলের রাজশাহীর ব্যবস্থাপক এস এম আজাদ কামাল বলেন, গ্যাস ও পানির পাইপ একসঙ্গে ভেঙে গেছে। তাঁরা দুর্ঘটনার খবর পেয়েই গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন। পানির সরবরাহও বন্ধ করে দেয় রাজশাহী ওয়াসা। কিন্তু এর আগেই মাটির নিচে ও ওপরের অংশে ব্যাপক পানি জমে যায়। এ কারণে তাঁরা গ্যাসের লাইন সংস্কার করতে পারছেন না।
আজাদ কামাল জানান, রাতে পানির প্রায় সাড়ে তিন ফুট নিচে ছিল গ্যাসের পাইপলাইন। পরিস্থিতি স্বাভাবিক করতে আগে পানির লাইন এবং পরে গ্যাসের লাইন সংস্কার করতে হবে। সংস্কারকাজ শেষের পরও কয়েক দিন গ্যাসের সঙ্গে পানি যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চুলো না জ্বলারও আশঙ্কা রয়েছে। আবার চুলো জ্বললেও রান্না হতে সময় লাগবে বেশি।
রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী রেজাউল হুদা বলেন, দুর্ঘটনার পর পাইপলাইন সংস্কার করতে তাঁরা কাজ শুরু করেছেন। রাতে পানি সেচে অন্য জায়গায় ফেলা হচ্ছিল। এ কাজ রাতের মধ্যেই শেষ করার কথা। এরপর গ্যাসলাইন সংস্কারের কাজ শুরু করবে পিজিসিএল।