রাজশাহীতে নদী সুরক্ষা যাত্রা ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল ও ভারতের পর গতকাল বুধবার রাজশাহীতে নদী সুরক্ষা যাত্রা ও সমাবেশ হয়েছে। পদ্মা নদীকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে ‘ওয়াটার ওয়াক’ নামের এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৭ ফেব্রুয়ারি নেপাল থেকে এই যাত্রা শুরু হয়েছে। নেপালের গান্ডাক ও ভারতের গঙ্গা নদীর পাড়ে যাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিরিজপুর ও রাজশাহী নগরের কুমারপাড়া এলাকায় পদ্মা নদীর ধারে সমাবেশ হয়েছে।
সকালে গোদাগাড়ীতে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের কর্মকর্তা শমসের আলী। অন্যদের মধ্যে হালদা নদী রক্ষা আন্দোলনের পুরোধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোশাররফ হোসেন, নেপালের মহিলা অধিকার মঞ্চের কল্পনা বিন্দু, গান্ডাক নদী রক্ষা কমিটির সহসভাপতি পবিত্রা নিউপালে, বেসরকারি সংস্থা সচেতনের ফেলো খায়রুল মতিন ও পদ্মা নদী অভয়াশ্রমের উদ্যোক্তা শফিউল ইসলাম সমাবেশে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে নেপাল, বাংলাদেশ ও ভারতও ক্ষতির সম্মুখীন হয়েছে। নেপালের হিমালয় থেকে গান্ডাক নদীর মাধ্যমে পানি ভারতের গঙ্গায় আসে। কিন্তু ফারাক্কা বাঁধের কারণে ভরা মৌসুমে গান্ডাক নদী থেকে পানি আসতে পারছে না। ফলে ভারত ও নেপালে বন্যা হচ্ছে। এর বিপরীতে পানিশূন্যতায় ভুগছে পদ্মা। ফলে এখানকার মানুষের জীবন-জীবিকা ও প্রকৃতিতে চরম বিরূপ প্রভাব পড়ছে। ওদিকে বন্যার কারণে ভারত ও নেপালে বহু সম্পদ বিনষ্ট হচ্ছে। বন্যার সময় পানিবাহিত রোগের প্রাদুর্ভাবে মারাও যাচ্ছে অনেক মানুষ। বেসরকারি সংস্থা সচেতনের নির্বাহী পরিচালক হাসিনুল ইসলাম সমাবেশ পরিচালনা করেন। এতে সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ জেলে আবদুস সামাদ। গোদাগাড়ীর এ সমাবেশের পরে গতকাল দুপুরে রাজশাহী নগরের কুমারপাড়ায় পদ্মা নদীর পাড়ে আরেকটি সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াটার কমন্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী। বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, নেপালের গান্ডাক রিভার স্ট্রাগল কমিটির আহ্বায়ক বাদ্রি প্রসাদ, সাধারণ সম্পাদক এস এস গুপ্তা, শিক্ষকনেতা অধ্যক্ষ শফিকুর রহমান, রাজশাহী ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সভাপতি ফরিজুল ইসলাম ও উন্নয়ন সংগঠন পরিবর্তনের সম্পাদক রাশেদ রিপন।
অ্যাকশন এইডের সহযোগিতায় ৭ ফেব্রুয়ারি এই যাত্রা শুরু হয়েছে নেপালের গান্ডাক নদীর তীর থেকে। সেখান থেকে ভারত হয়ে ২১ ফেব্রুয়ারি এই অভিযাত্রীরা বাংলাদেশে প্রবেশ করেন। গতকাল গোদাগাড়ী থেকে যাত্রা শুরু করেন। আজ বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে সমাবেশ করে যাত্রা শেষ হবে।