রাজশাহীতে নাদিমুজ্জামান খুনের মামলায় তিন আসামি রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে খুন হওয়া কলেজছাত্র নাদিমুজ্জামান সাদ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন আসামির প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক আসামির ছাত্রাবাস থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।আসামি কায়সার আহম্মেদ পুলিশকে জানিয়েছে, প্রেমবিষয়ক ঘটনার জের ধরে নাদিমুজ্জামান খুন হয়েছে। নাদিমুজ্জামানের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেনকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া তিন আসামি মাসুদ ইবনে আলী, রাশিদুল ইসলাম ও কায়সারকে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, র‌্যাব বুধবার রাতে তিন আসামিকে থানায় সোপর্দ করে। রাত তিনটার দিকে তাঁরা আসামি মাসুদকে নিয়ে রাজশাহী মহানগরের চামড়াপট্টি এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালান। ওই ছাত্রাবাসেই থাকত মাসুদ। স্বীকারোক্তি অনুযায়ী মাসুদের কক্ষ থেকে রক্তমাখা ছুরি, চাদর ও কম্বল উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, পলাতক আসামি সুইট ও কোয়েল আপন চাচাতো ভাই। সুইটের খালাতো ভাই রাশিদুল। কোয়েল বিভিন্ন সময়ে নিজেকে কলেজের ছাত্র বলে পরিচয় দিলেও সে আসলে রাজশাহীতে কোনো কলেজেই পড়ে না। একসময় ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করত। কিছুদিন আগে রাজশাহীতে এসে সুইটের সঙ্গে নগরের শিরোইল মঠপুকুর এলাকার ৫১৫ নম্বর বাড়ির নিচতলা ভাড়া নেয়। নাদিমুজ্জামানের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুর গ্রামে। সুইট ও কোয়েলের বাড়িও একই গ্রামে। তারা এসএসসি পর্যন্ত রোহনপুরেই পড়াশোনা করেছে। এই সূত্রে তাদের বন্ধুত্ব।পুলিশ জানায়, কায়সার গতকাল পুলিশের কাছে দাবি করেছে, নাদিমুজ্জামানের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। একই মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সুইট। এ নিয়ে তাদের মধ্যে প্রতিহিংসা তৈরি হয়। ছয় থেকে সাত দিন আগে নাদিমুজ্জামানকে খুনের পরিকল্পনা করে সুইট। তবে গ্রেপ্তার হওয়া অন্য দুই আসামি বলেছে, সুইট কেন নাদিমুজ্জামানকে খুনের সিদ্ধান্ত নেয়, তারা তা জানে না। এ কাজে সহায়তা করলে সুইট তাদের ৭০ লাখ টাকা করে দিতে চেয়েছিল।রাজশাহী মেডিকেল কলেজের মর্গে গত বুধবার রাতে ময়নাতদন্তের পর নাদিমুজ্জামানের মরদেহ রোহনপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।প্রত্যাহার হওয়ার আগে ওসি মোকাররম হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে যতটুকু তথ্য মিলেছে, তাতে মনে হচ্ছে যে প্রেমঘটিত কারণে এই খুন হয়েছে। রাজশাহীর উপপুলিশ কমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান গত রাতে প্রথম আলোকে জানান, ওসি মোকাররম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।