রাজশাহীতে নারী কনস্টেবলকে যৌন হয়রানি!
রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকের বিরুদ্ধে সহকর্মী এক নারী কনস্টেবলকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১১ মার্চের ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার জেলা পুলিশ সুপারকে (এসপি) তাৎক্ষণিক বদলি করা হয়েছে।জানা যায়, মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে এসপি এস এম রোকন উদ্দিনকে বদলির নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বলা হয়, ‘আজ বুধবারের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হলো।’ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জেলা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ডিবির উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমানের বিরুদ্ধে একই শাখার নারী কনস্টেবল যৌন হয়রানির অভিযোগ দেন। তাতে ওই কনস্টেবল উল্লেখ করেন, শফিকুর রহমান মাস কয়েক ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ১১ মার্চ দুপুরে নগরের ডিবি কার্যালয়ে একা পেয়ে হয়রানি করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পরের দিন ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই দিনই শফিকুর রহমানকে অসুস্থ দেখিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরের হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ ওঠে, এসপি এস এম রোকন উদ্দিন ওই এসআইয়ের পক্ষ নিয়ে চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠান। ঘটনা তদন্তে অতিরিক্ত ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে এসপিকে বদলি করা হয়। অবশ্য এসপি দাবি করেন, চিকিৎসকের পরামর্শে তিনি শফিকুর রহমানকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন।