রাজশাহীতে নিউ ডিগ্রি কলেজে ছাত্র ভর্তি বন্ধ
রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর ভর্তি কার্যক্রম গতকাল শনিবার তুমুল হট্টগোলের কারণে বন্ধ হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কলেজে এসে মহানগর ছাত্রলীগের কর্মীদের বিশৃঙ্খলা সৃষ্টির একপর্যায়ে কর্তৃপক্ষ ভর্তির কার্যক্রম বন্ধ ঘোষণা করে। ভর্তির নতুন তারিখ নির্ধারিত হয়েছে ২৭ জুন।মহানগর ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ নগরের রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটা ১০ মিনিটে কলেজে ভর্তির অষ্টম অপেক্ষমাণ তালিকা ঝোলানো হয়। এ সময় কর্তৃপক্ষ ভর্তির জন্য ছাত্রদের আধা ঘণ্টা সময় বেঁধে দেয়। এই তালিকায় বিজ্ঞান বিভাগের তিনটি, বাণিজ্য বিভাগের সাতটি ও মানবিক বিভাগের ২৩টি আসন ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, তালিকা ঝোলানোর পর বাইরে থেকে আসা ছাত্রলীগের কর্মীরা পুলিশের উপস্থিতিতেই হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাঁরা ভর্তির কিছু ফরম এবং কয়েকজন শিক্ষার্থীর মূল নম্বরপত্র ছিনিয়ে নেন। এ সময় সাধারণ ছাত্ররা সংঘর্ষের আশঙ্কায় দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়।