রাজশাহীতে নিবন্ধন জালিয়াতি করে প্রশিক্ষণ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিবন্ধন জালিয়াতির মাধ্যমে ৫৬ জন ভুয়া প্রধান শিক্ষকের প্রশিক্ষণে অংশ নেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার থেকে নতুন তদন্ত কমিটি কাজ শুরু করেছে।এ ঘটনায় প্রথমে তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছিল এই কোর্সের প্রধান সমন্বয়কারী সেলিনা আফরোজকে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ ওঠায় রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সভাপতি শামসুল কালাম আজাদকে তদন্ত কমিটির প্রধান করা হয়। গতকাল বিকেল তিনটায় এই কমিটি তদন্ত শুরু করে।ইনস্টিটিউটের পরিচালক স্বপন কুমার দত্ত বলেন, তিনি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাগজে নিজে স্বাক্ষর না করে প্রধান সমন্বয়ককে দায়িত্ব দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী প্রধান সমন্বয়ক স্বাক্ষরের পরই পরিচালকের স্বাক্ষর দেওয়ার কথা। কিন্তু প্রধান সমন্বয়ক স্বাক্ষর করার আগেই পরিচালকের স্বাক্ষরের সিল দেওয়া হয়েছে।স্বপন কুমার জানান, এ ঘটনায় চতুর্থ শ্রেণীর কর্মচারী আবদুল হান্নান পলাতক রয়েছেন। তবে স্টেনোটাইপিস্ট জাহাঙ্গীর হোসেন তদন্ত কমিটির কাছে এসেছেন। প্রতিষ্ঠানের যেকোনো কর্মচারী অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের ‘টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ২১ দিনের প্রশিক্ষণ শেষে দ্বিতীয় দফায় গত শনিবার শুরু হয় ছয় দিনের ফলোআপ প্রশিক্ষণ। এতে অংশ নেওয়ার কথা রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন স্কুলের ৮৩ জন প্রধান শিক্ষকের। গত বুধবার এই ৮৩ জনের মধ্যে ৫৬ জনকেই ভুয়া শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। তাঁদের আটক করার পর আবার ছেড়ে দেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান শামসুল কালাম আজাদ বলেন, তদন্তকাজ শুরু হয়েছে। তবে তদন্ত শেষ করার আগে কিছু বলা যাচ্ছে না।