রাজশাহীতে নিরাপদ সড়কের দাবি
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বিশিষ্ট সংগীতশিল্পী ওস্তাদ এমদাদুল হকের মৃত্যুর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগীত বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী। গতকাল রোববার সকালে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর, নিরাপদ সড়ক চাই-এর রাজশাহী শাখার আহ্বায়ক তৌফিক হাসান, ঢাকার বিশিষ্ট যন্ত্রশিল্পী খালেদ জামিল, মিউজিশিয়ান ফোরাম রাজশাহীর বিভাগীয় সাধারণ সম্পাদক শফি মাহমুদ লেলিন, রাজশাহী বেতারের শিল্পী কাজী মন্টু, মইনুল ইসলাম, মাসুদ রানা, নিজামুল ইসলাম প্রমুখ। এ ছাড়া অংশ নেন এমদাদুল হকের পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, রাজশাহী নগরে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ। অথচ ১১ অক্টোবর সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় নগরের কাদিরগঞ্জ এলাকায় নিহত হন সংগীতশিল্পী এমদাদুল হক। তা ছাড়া ট্রাকটির চালকের কোনো সহকারীও ছিলেন না। বক্তারা আরও বলেন, নগরে ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় কোনো পদক্ষেপ নেওয়া না হলে এমদাদুল হকের মতো আরও প্রাণ ঝরতে থাকবে। তাঁরা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার এবং এমদাদুল হকের দুর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের অবস্থান ও নগরে ট্রাক চলাচল আইন কার্যকর করার জোর দাবি জানান।