রাজশাহীতে নিষিদ্ধ নোটবইয়ের প্রচারণা
নিষিদ্ধ হলেও রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়গুলোতে নোটবই নিয়ে বিভিন্ন প্রকাশনা সংস্থা ব্যাপক প্রচারণায় নেমেছে। কোনো কোনো সংস্থা বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সমাবেশও করছে। শিক্ষকদের উপহার ও নাশতার প্যাকেট দিচ্ছে। কৌশলে কোনো কোনো সংস্থা ‘সংবাদপত্র’ লেখা মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীতে অন্তত সাতটি প্রকাশনা সংস্থা জোরেশোরে এই প্রচারণায় নেমেছে। এর মধ্যে পুঁথি নিলয় নামের একটি সংস্থা মাঠপর্যায়ের শিক্ষকদের নিয়ে সমাবেশ করছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বিদ্যালয় ও শিক্ষকের নামের তালিকা সংগ্রহ করছে। এই তালিকা ধরে তারা প্রতি গুচ্ছের শিক্ষকদের তাদের সমাবেশে দাওয়াত দিচ্ছে।গত ৩ জানুয়ারি গোদাগাড়ী উপজেলার কাকনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নোটবইয়ের প্রচারণা উপলক্ষে সমাবেশে প্রায় ৩০টি বিদ্যালয়ের ন্যূনতম একজন করে শিক্ষক উপস্থিত ছিলেন। সমাবেশে পুঁথি নিলয়ের পক্ষ থেকে শিক্ষকদের বিনা মূল্যে বই, ক্যালেন্ডার ও বিশেষ নাশতার প্যাকেট দেওয়া হয়। এই সংস্থার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নোটবই রয়েছে। নোটবইয়ের দাম ৭৫ থেকে ৫০০ টাকা পর্যন্ত।গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহাম্মেদ খান বলেন, তাঁর কার্যালয় থেকে শিক্ষকদের কোনো তালিকা তাদের সরবরাহ করা হয়নি। তারা নিজ উদ্যোগে তা সংগ্রহ করে থাকতে পারে। গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি কিছু বই উদ্ধার করে পুড়িয়ে দিয়েছিলেন। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ফুলকুড়ি পাবলিকেশনের পক্ষ থেকে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল নিয়ে নোটবই ‘একের ভেতরে ১০’-এর প্রচারণা চালানো হচ্ছে। গত ৮ জানুয়ারি এই প্রচারণা চালাতে বাঘা উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিষ্ঠানটির লোকজন। এ সময় আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নোটবই নিয়ে বিদ্যালয়ে ঢুকতে আপত্তি করলে তাঁরা নিজেদের ‘দৈনিক চৌকস পত্রিকার’ সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে অনুমতি নিয়ে তাঁরা এসেছেন।তবে প্রথম আলোর পক্ষ থেকে বাঘার ইউএনও আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিষিদ্ধ নোটবইয়ের প্রচারণা চালানোর অনুমতি তিনি দিতে পারেন না। এ রকম কেউ তাঁর কার্যালয়ে আসেননি। একইভাবে অন্য আরও কয়েকটি প্রকাশনা সংস্থার বিক্রয় প্রতিনিধিরা বিভিন্নভাবে তাঁদের প্রচারণা চালাচ্ছেন।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী নগরের একটি বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্যই শিক্ষকেরা একটি প্রকাশনা সংস্থার নোটবই কেনার ফরমায়েশ দিয়েছেন। পুঠিয়ার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ মো. বেলাল উদ্দিন বলেন, তাঁর বিদ্যালয়ে দুটি প্রকাশনার কর্মীরা এসেছিলেন। তাঁরা শিক্ষকদের নোটের সৌজন্য কপি দিতে চেয়েছেন। তবে শিক্ষকেরা এগুলো নিতে আপত্তি করেছেন।