পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী নগরের মাদ্রাসা ময়দানে আজ বৃহস্পতিবার সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির রাজশাহী শাখা। গতকাল বুধবার বিকেলে সমাবেশের সমর্থনে বের করা মিছিলে পুলিশ বাধা দিলে সংগঠনের রাজশাহী শাখার সভাপতি মাওলান মো. আবদুস সামাদ এই ঘোষণা দেন।জানা গেছে, মাদ্রাসা ময়দানে একই সময়ে সমাবেশ আহ্বান করে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই স্থানে বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত যেকোনো ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার রাতে মহানগর পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করে।গতকাল বিকেলে সংগঠনটি মালোপাড়ার দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে সমাবেশের সমর্থনে মিছিল বের করে। আজকের সমাবেশে কমিটির কেন্দ্রীয় সভাপতি মুফতি ফজলুল হক আমিনীর প্রধান অতিথি থাকার কথা রয়েছে।