রাজশাহীতে ন্যাপের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুমের আগেই তিস্তা পানিবণ্টন চুক্তি সম্পাদনের মাধ্যমে তিস্তাপারের মানুষের জীবন ও কৃষিকে বাঁচানোর দাবি জানিয়েছে রাজশাহী ন্যাপ। গতকাল শনিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
ন্যাপের মহানগর ও জেলা কমিটির উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ন্যাপের সভাপতি আইনজীবী আলি আকবর প্রামাণিক। সঞ্চালনা করেন জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান।
বক্তারা আন্তর্জাতিক নদী তিস্তার পানি ভারতের একতরফা প্রত্যাহারের তীব্র সমালোচনা করেন। তাঁরা চুক্তির মাধ্যমে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য অংশ দেওয়ার দাবি জানান। বিশেষ করে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।
তিস্তার উৎসমুখে অবস্থিত ভারতের সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং তিস্তা পানি চুক্তি সম্পাদনের পক্ষে সম্প্রতি মত প্রকাশ করেন। এ কথা উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য অবিলম্বে তিস্তা পানি চুক্তি সম্পাদন করা প্রয়োজন। চুক্তি না হওয়ায় বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব চাঙা হচ্ছে। এর প্রভাব সার্কের ওপরও পড়তে পারে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে দেশের অনেক সমস্যার সমাধান হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বব্যাংকের বৈরী আচরণ সত্ত্বেও পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া ও যুদ্ধাপরাধীদের বিচার। এখন আরও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তিস্তা চুক্তি। আন্তর্জাতিক আইন মেনে অবিলম্বে এই চুক্তি সম্পাদন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন মহানগর জাসদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর ন্যাপের যুব সম্পাদক ইব্রাহীম হায়দার, মহানগর সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।