রাজশাহীতে বাংলাদেশ বেতারের হীরকজয়ন্তী উপলক্ষে বেতারের চারজন শহীদ কর্মীকে মরণোত্তর ও পাঁচজন বিশিষ্ট বেতার ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাজশাহী বেতার ভবন চত্বরে এক অনুষ্ঠানে নয়জনকে সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন শহীদ মহসীন আলী, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান ও আবদুল মতিন। অন্যরা হলেন মীর্জা আবু ইউনুস, শিবনাথ দাস, এ কে এম জাহিদ, হাসান মীর ও ফিরোজ আহম্মেদ।
বেতারের হীরকজয়ন্তী উদ্যাপনের শুরুতেই নগরের আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে রাজশাহী বেতার ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল খালেক। এ ছাড়া আলোচক হিসেবে অংশ নেন মহানগর জাসদের সভাপতি প্রদীপ মৃধা, বিশিষ্ট গীতিকার ও কথাসাহিত্যিক রফিকুর রশীদ প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মোফাজ্জল হোসন। বেতারের রাজশাহী কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক হাসান আখতার স্বাগত বক্তব্য দেন।