রাজশাহীতে নয়টি কঙ্কালসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ভারত থেকে আনা নয়টি মানবকঙ্কালসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের পদ্মার তীরসংলগ্ন পুলিশ লাইন এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ডোম তপন (৪৫), বিপন (৪৩) ও জয়নাদ (২৮) এবং ব্যাটারিচালিত অটোরিকশার চালক রাজু (২৫) ও রাজশাহীর পবা উপজেলার চর মাজারদিয়াড় এলাকার লালচাঁদ (৩৭)। গতকাল রোববার তাঁদের নগরের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। দুপুরে পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠায়। র‌্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাতে পুলিশ লাইনের পেছনে ওই ব্যক্তিরা ভারত থেকে আনা নয়টি কঙ্কাল দুটি বস্তায় করে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলছিলেন। এ সময় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করে। গতকাল তাঁদের নগরের রাজপাড়া থানার পুলিশে সোপর্দ করা হয়। ওই থানা সূত্রে জানা গেছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তপন জানান, কঙ্কালগুলো রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রদের কাছে বিক্রি করার জন্য ভারত থেকে নিয়ে আসা হয়। ডোম বিপন জানান, রামেকের শিক্ষার্থীদের মধ্যে কঙ্কালের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিটি কঙ্কাল ১৫ থেকে ২০ হাজার টাকায় তাঁদের কাছে বিক্রি করা হয়। ভারত থেকে তাঁরা প্রতিটি কঙ্কাল সাত থেকে ১০ হাজার টাকা দামে কিনে আনেন। ভারত থেকে কঙ্কালের হাড়গুলো আলাদাভাবে কাপড়ের প্যাকেটে করে নিয়ে আসা হয়। পরে হাড়গুলো তার দিয়ে জোড়া দিয়ে পূর্ণাঙ্গ মানবকঙ্কালে রূপ দেওয়া হয়।রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রব বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। গতকাল আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।