রাজশাহীতে পদ্মা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের জাহাজঘাট এলাকার পদ্মা থেকে অজ্ঞাত এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মতিহার থানার পুলিশ লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, লাশের গলার নিচে ও বুকের বাম পাশে তিনটি ক্ষত চিহ্ন রয়েছে। এগুলো গুলির চিহ্ন হতে পারে বলে তাঁরা ধারণা করছেন।
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) শামসুন্নূর জানান, সকালে পদ্মা নদীর পাড়ে অর্ধগলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা মতিহার থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের পরিচয় পাওয়া যায়নি। তাঁর শরীরে কোনো পোশাকও ছিল না। তবে মুখে দাড়ি রয়েছে। লাশের গায়ে শ্যাওলা জমে যাওয়ার কারণে ঠিক বোঝা যাচ্ছে না যে তাতে আঘাতের চিহ্ন রয়েছে কি না।