রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: নিহত ২, নিখোঁজ ১৫
রাজশাহীর গোদাগাড়ী এলাকায় পদ্মা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা আজ শনিবার দুপুর ১২টার দিকে ডুবে গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ আছে কমপক্ষে ১৫ জন।
নৌকাডুবিতে নিহত ব্যক্তিরা হলেন ইসরাত জাহান (৩) ও দেলোয়ার হোসেন (৩৫)।তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন কাঁকনহাট পৌরসভার একটি মসজিদের ইমাম ছিলেন।ইসরাত জাহানের বাবার নাম সাহেব আলী, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামে।
নিখোঁজ ১৫ জনের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে।তাঁদের মধ্যে বেশির ভাগই নারী।তাঁরা হলেন গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের সাদিকুল ইসলাম (৫০), তাঁর স্ত্রী সেতারা (৪৫), মেয়ে সাদিকা (৮), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি গ্রামের শরিফুল (৩৪), সেতারা বেগম (৩০) ও নাজমা খাতুন (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোদাগাড়ী রেলবাজার খেয়াঘাট থেকে ৫০ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত একটি নৌকা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলী যাচ্ছিল।এ সময় গোদাগাড়ী থানার সামনে পদ্মা নদীর মাঝামাঝি অংশে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।যাত্রীদের চিত্কারে স্থানীয় লোকজন অন্য নৌকায় গিয়ে বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করেন।তবে যাত্রীদের ১৫ জনকে খুঁজে পাওয়া যায়নি।
চর আলাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ আলী বলেন, নদীতে তীব্র স্রোত থাকায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মায় উদ্ধার অভিযান চালাচ্ছে।