রাজশাহীতে পদ্মায় বাঁধের ১০ জায়গায় ধস, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন ও ইউসুফপুর পদ্মা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০টি পয়েন্টে ধস নেমেছে। গত কয়েক দিন পদ্মা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে ইউসুফপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) ক্যাম্প।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, চারঘাটের টাঙ্গন থেকে ইউসুফপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ২০০১ সালের দিকে আগে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ব্লক দিয়ে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হয়। সরেজমিনে দেখা যায়, কয়েক দিন থেকে পদ্মার পানি বাড়ায় বাঁধের নিচের দিক থেকে ব্লক ধসে নদীতে নেমে যাচ্ছে। এলাকার প্রায় ১০টি জায়গায় এ রকম বড় ধস নেমে গেছে। ছোটখাটো আরও অনেক জায়গায় ব্লক সরে যেতে শুরু করেছে। ভয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।ঘোষপাড়ার বাসিন্দা অনুকুল ঘোষ বলেন, তাঁদের জায়গাজমি সব নদীতে ভেঙে গেছে। ব্লক দিয়ে বাঁধ স্থায়ীভাবে করার পরে সাহস করে সব সঞ্চয় দিয়ে তিন কক্ষের একটি পাকা বাড়ি তৈরি করেছেন। এখন যেভাবে বাঁধের ব্লক সরে যাচ্ছে। তাতে তাঁদের বুক কাঁপছে। তাঁদের আর যাওয়ার কোনো জায়গা নেই। টাকাপয়সাও নেই। শহীদুলের স্ত্রী মঞ্জু আরা খাতুন (৩০) বলেন, ‘অনেক দিন ধইরি জমানি ট্যাকা দিয়ে একটা পাকা বাড়ি কিনিচুনু। এখুন গাঙে ভাইঙ্গি গেলে আর মাথা গোঁজার কোনো জায়গা নাই।’ইউসুফপুর দাঁড়ার মুখ এলাকায় গিয়ে দেখা যায়, ব্লক ধসে পড়ছে। ইউসুফপুর কান্দিপাড়া গ্রামের ব্যবসায়ী মুন্দেল আলী বলেন, পানি বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার ব্লক নিচে নেমে যাচ্ছে। পানি আরেকটু বাড়লে স্রোতের বেগও বাড়বে, তখন এই এলাকার ব্লক আর ওপরে থাকবে না। তিনি বলেন, ব্লক খুব খাড়া করে বাসানোর কারণেই এ অবস্থা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এই বাঁধে যখন ব্লক বসানো হয়, তখন নিচে ঠিকমতো ডাম্পিং (জড়ো করে পাথর ফেলা) দেওয়া হয়নি। যে জন্য স্রোতে এখন নিচের মাটি কেটে গিয়ে ওপর থেকে ব্লক নিচে নেমে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, তখন প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন তাঁকেই উল্টো মামলায় জড়ানোর হুমকি দিয়েছিলেন। পাউবো এই কাজের ঠিকমতো তদারকিও করেনি।ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর থেকে পূর্ব দিকে আর ব্লক বসানো হয়নি। কয়েক মাস আগে ওই এলাকায় রাতারাতি ১৫টি বাড়ি পদ্মা নদীতে ভেঙে গেছে। স্থানীয় লোকজন জানায়, এই ভাঙনের শিকার হয়ে ওই এলাকার বাসিন্দা, ওমর, আবুল, চান্দু, শরীফ, আমজাদ, মুনার, দিনার, ঝুমুর, আফসার, মাইনুল ও আইনুল বাস্তুহারা হয়ে গেছেন। এবার সেখানে ভাঙন শুরু হলেই ইউসুফপুর বিজিবি ক্যাম্প সবার আগে ভাঙবে। এখন ক্যাম্প থেকে মাত্র কয়েক হাত দূরে রয়েছে পদ্মা। বিজিবির চারঘাট কোম্পানি কমান্ডার সুবেদার সোহরাব হোসেন বলেন, ক্যাম্প সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে—এ রকম একটা কথা শুনেছেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, এখন আপৎকালীন একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এলাকায় গিয়ে যে সুপারিশ করবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এখন পানি বাড়ছে। এখনকার চেয়ে পানি কমার সময় ভাঙনের আশঙ্কা বেশি।