রাজশাহীতে পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬ জন ভুয়া প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার নামে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রাজশাহীতে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এইচএসটিটিআই) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ নগরের রাজপাড়া থানায় গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন। মামলার আসামিরা হচ্ছেন, রাজশাহী এইচএসটিটিআইয়ের সাময়িক বরখাস্ত পরিচালক স্বপন কুমার দত্ত ও স্টেনোটাইপিস্ট জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পরিচালক সেলিনা আফরোজ মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালের ১৫ মে থেকে ছয় দিনব্যাপী ৫৬ জন ভুয়া প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ ব্যয় বাবদ দুই লাখ ৪০ হাজার ৪৮০ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন। ঘটনার বিবরণে জানা যায়, ওই সময় প্রতিষ্ঠানের ৩৫তম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছিল। তাতে ‘ক’ এবং ‘খ’ দুটি ব্যাচে যথাক্রমে ৩৪ ও ৩২ জন করে মোট ৬৬ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। প্রশিক্ষণ গ্রহণের জন্য নিবন্ধন ফরম পূরণ করেন প্রশিক্ষণার্থীরা। ফরমে তাঁদের ছবি, সই, বিদ্যালয়ের ঠিকানা, প্রধান শিক্ষক হিসেবে অভিজ্ঞতার সময়কাল উল্লেখ ছিল। এ ছাড়া সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতির প্রত্যয়নপত্রও ছিল। তবে এর মধ্যে ৫৬ জন প্রশিক্ষণার্থীর সব তথ্যই ছিল ভুয়া। এ কাজে প্রাথমিকভাবে সহায়তা করেন প্রতিষ্ঠানের স্টেনোটাইপিস্ট জাহাঙ্গীর হোসেন। ওই নিবন্ধনের জন্য একটি কমিটি গঠন করা হয়। পরিচালক ও অতিরিক্ত পরিচালক সেই কমিটির সদস্য ছিলেন। তাঁরা কেউ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেননি। এই কোর্স পরিচালনার জন্য কোনো বাজেট ছিল না। তার পরও পরিচালক স্বপন কুমার দত্ত বিধি বহির্ভূতভাবে অন্য খাত থেকে প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ করেন। এজাহারে বলা হয়েছে, ওই কোর্সে ভুয়া ব্যক্তিদের নাম নিবন্ধন করে পরিচালকের সঙ্গে যোগসাজশে স্টেনোটাইপস্ট ওই অর্থ আত্মসাৎ করেছেন। অতিরিক্ত পরিচালক কোর্সের প্রধান সমন্বয়ক ছিলেন। তিনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন না করায় পরিচালক ও স্টেনোটাইপিস্টের পক্ষে নিবন্ধন ও অর্থ আত্মসাৎ করা সম্ভব হয়েছে। কোর্সের জন্য মোট বরাদ্দ ছিল তিন লাখ দুই হাজার ৯৮০ টাকা। এর মধ্যে শুধু ১০ জন প্রশিক্ষণার্থী সঠিক ছিলেন। তাঁদের বরাদ্দ ৬২ হাজার ৫০০ টাকা বাদ দিয়ে ভুয়া ৫৬ জনের বরাদ্দ ছিল দুই লাখ ৪০ হাজার ৪৮০ টাকা। অনুসন্ধনকালে দুদক ৬৬ জন প্রশিক্ষণার্থীর নাম সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠায়। সেখান থেকে পাঠানো প্রতিবেদন পেয়ে তাঁরা নিশ্চিত হন, ৫৬ জন প্রশিক্ষণার্থীই ছিল ভুয়া। এ ধরনের প্রশিক্ষণার্থীদের জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এই প্রশিক্ষণে আসার কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি।