রাজশাহীতে পরীক্ষা দিতে এসে প্রার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে রেলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে গতকাল শুক্রবার সকালে চাকরিপ্রত্যাশীরা জানতে পারেন, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে দুই শতাধিক প্রার্থী বিক্ষোভ করেন।

রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের অধীনে উল্লিখিত পদে রাজশাহী নিউ গভ. কলেজ কেন্দ্রে গতকাল এক হাজার ৯০০ প্রার্থীর পরীক্ষা নেওয়ার কথা ছিল। সকাল ১০টায় ওই কেন্দ্রে পরীক্ষা দিতে এসে প্রার্থীরা পূর্বাঞ্চল রেলের প্রধান সংস্থাপন কর্মকর্তা (সিপিও) ও নিয়োগ কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেনের সই করা একটি নোটিশ দেখতে পান। এতে লেখা রয়েছে, অনিবার্য কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নোটিশ দেখে পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের সরিয়ে দেন। বেলা ১১টায় তাঁরা রাজশাহী রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ করেন।

বরিশাল থেকে নিয়োগ পরীক্ষা দিতে আসা আরিফ রেজা বলেন, ‘পরীক্ষার তারিখ ও কেন্দ্রের ঠিকানা উল্লেখ করে আমাদের সবার কাছে প্রবেশপত্র পাঠানো হয়েছে। এরপর স্থগিতের খবর বিজ্ঞপ্তি বা অন্য কোনো উপায়ে আমাদের জানানো হয়নি।’

এ বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পশ্চিমাঞ্চল রেলের প্রধান সংস্থাপন কর্মকর্তা অসীম কুমার তালুকদার বলেন, আদালতের রিটের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ মর্মে তাঁরা পাঁচটি জাতীয় দৈনিকসহ একটি বেসরকারি টেলিভিশনে বিজ্ঞপ্তি প্রচার করেছেন। এর পরেও যাঁরা জানতে পারেননি, তাঁরাই পরীক্ষা দিতে এসেছিলেন।