রাজশাহীতে পাঁচ গুণীকে সম্মাননা
রাজশাহী জেলার সংস্কৃতির ক্ষেত্রে অনন্য অবদান রাখায় পাঁচ গুণীজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০১৬’তে ভূষিত করা হয়েছে। গত বুধবার বিকেলে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের সম্মাননা প্রদান করেন।
সম্মাননাপ্রাপ্ত পাঁচ গুণীজন হলেন চারুকলায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট চিত্রশিল্পী, ছড়াকার ও কবি এম এ কাইউম, লোক সংস্কৃতির ক্ষেত্রে অবদানে আলতাফ হোসেন, যাত্রাশিল্পে সুশান্ত কুমার ঘোষ, আবৃত্তিতে মোহাম্মদ কামাল এবং ফটোগ্রাফিতে বিশেষ অবদানের জন্য মিনহাজ উদ্দিনকে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও উত্তরীয় এবং ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত নৃত্যগুরু বজলার রহমানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সমাজসেবী শাহীন আকতার।
সম্মাননা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’ প্রদর্শিত হয়।