রাজশাহীতে পাঁচ দিনে ২৩২ মণ আম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত পাঁচ দিনে ২৩২ মণ আম ধ্বংস করেছেন রাজশাহী জেলা পুলিশের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিষযুক্ত আম বিক্রির দায়ে কয়েকজন ব্যক্তি ও কিছু প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

পাঁচ দিন ধরেই ফরমালিনমিশ্রিত আম বিক্রি নিষিদ্ধে হাতমাইকে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে রাজশাহী জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে রাজশাহী জেলা পুলিশের এই অভিযান শুরু হয়েছে। প্রতিদিন জেলা গোয়েন্দা পুলিশ তাদের গাড়ি নিয়ে বের হচ্ছে। রাসায়নিকের ক্ষতি সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করার জন্য তিনটি থানার (চারঘাট, বাঘা ও পুঠিয়া) ব্যবসায়ীদের নিয়ে আটটি কর্মশালা করা হয়েছে। এর পাঁচটিতেই রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক মীর শহীদুল ইসলাম এবং সবগুলোতেই রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির উপস্থিত ছিলেন।

সর্বশেষ আজ শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহম্মেদ, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান ও আলমগীর কবির পুঠিয়ার বানেশ্বর বাজারে অভিযান চালান। এ সময় তাঁরা ওই বাজারে ৭০ মণ আমে ফরমালিনের উপস্থিতি পান। সঙ্গে সঙ্গে আমগুলো ধ্বংস করা হয়। এ সময় আড়তের মালিককে পাওয়া যায়নি। এ জন্য জরিমানা ধার্য করা সম্ভব হয়নি।

এর আগে আজ সকালে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায় গোয়েন্দা পুলিশের গাড়ি দেখে আম ব্যবসায়ীরা ৩০ মণ আম ফেলে পালিয়ে যান। পরে পরীক্ষা করে সেই আমে কারবাইডের উপস্থিতি পাওয়া যায়। সঙ্গে সঙ্গে আমগুলো ধ্বংস করা হয়। মালিককে না পাওয়ায় কারও জরিমানা করা সম্ভব হয়নি।

গত মঙ্গলবার সকালে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল আহাম্মেদের নেতৃত্বে বাঘা থানার পুলিশ উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত আছে।

গত মঙ্গলবার বিকেলে পুঠিয়ার বানেশ্বর বাজারে ফরমালিনবিরোধী অভিযান চালানো হয়। রুমা ট্রেডার্সে নামে একটি প্রতিষ্ঠান আমে কৃত্রিম রং মেশানোর সময় ইউএনও ফরহাদ আহম্মেদ ৫০ মণ আম জব্দ করেন। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে সঙ্গে সঙ্গে সাইফুল ইসলাম তাঁর জরিমানার টাকা পরিশোধ করে দেন। তাঁর আমগুলো ধ্বংস করা হয়। ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান একই বাজারের বিসমিল্লাহ ফলভান্ডারে ফরমালিন মেশানো দুই মণ আম জব্দ করেন।

তিনি দোকানের মালিকের ২৫ হাজার টাকা জরিমানা করেন। মালিক আবদুস সালাম সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করে দেন। তাঁর ফরমালিন মেশানো আমগুলো তখনই ধ্বংস করা হয়।
উল্লিখিত অভিযান ছাড়াও পুলিশের নেতৃত্বাধীন আদালত বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৩২ মণ আম ধ্বংস করেন।