রাজশাহীতে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে পানির তিন হাজার অবৈধ সংযোগ রয়েছে। গতকাল সোমবার থেকে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করেছে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।
ওয়াসা সূত্র জানায়, ২০১০ সালের আগস্টে সিটি করপোরেশন এলাকায় ওয়াসার যাত্রা শুরু। চাহিদার বিপরীতে ৭২ শতাংশ পানি সরবরাহ করে ওয়াসা। বর্তমানে বৈধ সংযোগ রয়েছে ৩৪ হাজার। এর মধ্যে প্রায় ১০ হাজার গ্রাহকের বিল বকেয়া রয়েছে। এ ছাড়া অবৈধ সংযোগ রয়েছে তিন হাজার।
এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নগরের রাজারহাতা এলাকায় অভিযান চালানো হয়। ওয়াসার সচিব সাদেকুল ইসলাম এই অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। এ সময় পাঁচটি বাসার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল রাজারহাতা এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ১০৭ হোল্ডিং নম্বরের একজন গ্রাহক আপত্তি তোলেন। তিনি দাবি করেন, তাঁর কাগজপত্র রয়েছে। কিন্তু কাগজপত্র দেখতে চাইলে তিনি সংযোগের সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। এরপরও সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তিনি স্থানীয় কাউন্সিলরকে ফোন দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াসার সচিব মামলা করার হুমকি দেন। তখন গ্রাহক শান্ত হন। পরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাদেকুল ইসলাম বলেন, প্রথম অবস্থায় তাঁরা অবৈধ গ্রাহকদের সঙ্গে নমনীয় আচরণ করেছেন। কাউকে তাৎক্ষণিক জরিমানা করা হয়নি। তবে তাঁরা পরবর্তী সময়ে সংযোগ নিতে গেলে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা ফি দিতে হবে। দুই মাসের মধ্যে বৈধ সংযোগের জন্য আবেদন না করলে আইন অনুযায়ী আদালতে মামলা করা হবে।
যোগাযোগ করলে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বলেন, নগরের শ্যামপুরে পদ্মা নদীর পানি পরিশোধন করে শহরে প্রতিদিন নয় মিলিয়ন লিটার পানি সরবরাহ করা হয়। কিন্তু উৎসস্থলে পানি না থাকায় তিন মাস ধরে এই শোধনাগার চালানো যাচ্ছে না। এখন সারদা ক্যাডেট কলেজের সামনে থেকে পানি নিয়ে আসার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে অবৈধ সংযোগ থাকলে বা রাজস্ব আদায় না হলে ওই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। এ জন্য অভিযান অব্যাহত থাকবে।