রাজশাহীতে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরের টিচার্স ট্রেনিং কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম হোসেন মো. ফাহিম (২০)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলায় বলে নিশ্চিত করেছেন ফাহিমের সহপাঠীরা।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আবদুল্লাহ হিল কামাল জানান, ফাহিমের বাবা সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ফরিদুল হক। এর আগে তিনি রাজশাহীতেও কর্মরত ছিলেন। তিনি বর্তমানে দুই মাসের প্রশিক্ষণে নিউজিল্যান্ডে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে কোনো সিট হওয়ায় টিচার্স ট্রেনিং কলেজের মধ্যে হোস্টেলে থাকতেন ফাহিম।
টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক শাহীনুর রেজা প্রথম আলোকে বলেন, ‘প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য তাঁর বাবা নিউজিল্যান্ড চলে যান। যাওয়ার আগে তাঁর ছেলেকে আমাদের এখানে একটা রুমে তুলে দিয়ে যান। সেখানে ফাহিম তাঁর দুই বন্ধুকে নিয়ে থাকতেন। ২৪ মার্চ তাঁর বাবার দেশে ফেরার কথা রয়েছে।’
বন্ধুদের বরাত দিয়ে শাহীনুর রেজা জানান, প্রতিদিনের মতো আজ ক্যাম্পাস থেকে কক্ষে ফিরে তাঁরা থালা-বাসন ও রুম পরিষ্কার করেন। এরপর সন্ধ্যার সময় ফাহিম গোসল করবেন বলে কক্ষ থেকে বের হন। বন্ধুরা তাঁকে পুকুরে যেতে নিষেধ করলেও ফাহিম জোর করে একাই পুকুরে গোসল করতে নামে। একটু পরে তাঁর এক বন্ধু সেখানে গিয়ে দেখেন মাঝপুকুরে ফাহিম ডুবে যাচ্ছে। ফাহিমের বন্ধু সাঁতার না জানায় চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে আসতে আসতে ফাহিম ডুবে যান। দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে পুকুর থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রাজশাহী সদর দমকল বিভাগের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, সংবাদ শুনে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পানির নিচ থেকে ফাহিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, পুকুরে গোসল করতে নেমে ছেলেটি মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন এবং পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।