রাজশাহীতে পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজশাহী নগরের টিচার্স ট্রেনিং কলেজের পুকুরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম হোসেন মো. ফাহিম (২০)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি জামালপুর বলে নিশ্চিত করেছেন ফাহিমের সহপাঠীরা।
রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক আবদুল্লাহ হিল কামাল বলেন, ফাহিমের বাবা সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ফরিদুল হক। এর আগে তিনি রাজশাহীতেও কর্মরত ছিলেন। তিনি বর্তমানে দুই মাসের প্রশিক্ষণে নিউজিল্যান্ডে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে কোনো সিট না হওয়ায় টিচার্স ট্রেনিং কলেজের হোস্টেলে থাকতেন ফাহিম।
টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক শাহীনুর রেজা বলেন, ‘ফাহিমের বাবা প্রশিক্ষণে যাওয়ার আগে তাঁর ছেলেকে আমাদের এখানে একটা রুমে তুলে দিয়ে যান। সেখানে ফাহিম তার দুই বন্ধুকে নিয়ে থাকত। ২৪ মার্চ তার বাবার দেশে ফেরার কথা রয়েছে।’
ফাহিমের বন্ধুদের বরাত দিয়ে শাহীনুর রেজা বলেন, প্রতিদিনের মতো গতকাল ক্যাম্পাস থেকে কক্ষে ফিরে তাঁরা থালাবাসন ও রুম পরিষ্কার করেন। এরপর সন্ধ্যার সময় ফাহিম গোসল করবেন বলে কক্ষ থেকে বের হন। বন্ধুরা তাঁকে পুকুরে যেতে নিষেধ করলেও ফাহিম জোর করে একাই পুকুরে গোসল করতে নামেন। একটু পরে তাঁর এক বন্ধু সেখানে গিয়ে দেখেন, মাঝপুকুরে ফাহিম ডুবে যাচ্ছেন। ফাহিমের বন্ধু সাঁতার না জানায় চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন ছুটে আসতে আসতে ফাহিম ডুবে যান। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে পুকুর থেকে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নগরের রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘পুকুরে গোসল করতে নেমে ছেলেটি মারা গেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।’