রাজশাহীতে পুলিশ কমিশনার বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শফিউল ইসলাম নিহত হওয়ার পর রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। মাহবুবুর রহমানের জায়গায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের উচ্চপদস্থ একটি সূত্র প্রথম আলোকে জানান, মাহবুবুর রহমান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে যোগ দেবেন। তাঁকে শিগগির দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী এ-সংক্রান্ত আদেশ পেয়েছেন বলে জানিয়েছেন।

গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চৌদ্দপায় এলাকায় নিজের বাসার কাছে দুর্বৃত্তরা অধ্যাপক শফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে শফিউল ইসলাম মারা যান। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কিছু বলতে পারেনি।