রাজশাহীতে পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল পৌনে চারটার দিকে নগরের উপকণ্ঠ খোজাপুর ডাশমারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এএসআই সামিউল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। সামিউল হক বলেন, ডাশমারী এলাকার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরার জন্য তিনি খোঁজখবর রাখছিলেন। গতকাল দুপুরে ওই এলাকার অপরিচিত এক ব্যক্তি তাঁর মুঠোফোনে কল দিয়ে ওই আসামির বাড়ি চিনিয়ে দিতে চান। খবর পেয়ে তিনি এক বন্ধুকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে ওই এলাকায় যান। তিনি (সামিউল) বলেন, ‘এরপর এক লোক এসে আমার বন্ধুকে নিয়ে অন্যদিকে চলে যায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে আলো, বাবুসহ সাত-আটজন আমাকে ঘিরে ধরে মারধর শুরু করে। বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে আমার মাথা ফেটে যায়। তারা পরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে এ হামলা চালিয়েছে।’
মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাদক ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি একজোট হয়ে সামিউলের ওপর হামলা করেন। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।