রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে বোমা
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার রাজশাহীর দাসপুকুর এলাকায় পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ছোড়েন। এতে কেউ আহত হয়নি।
এর আগে গত ২৬ ডিসেম্বর ১৮ দলের বিক্ষোভ মিছিল শেষে পুলিশের টহল ট্রাকে বোমা হামলা চালানো হয়। এতে আহত নয় পুলিশের মধ্যে চিকিসাধীন অবস্থায় কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার মারা যান। এ ঘটনার পর নগরে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ছাত্রশিবিরের আস্তানাসহ বিভিন্ন এলাকা থেকে সাড়ে চার কেজি গানপাউডার ও ৭৩টি হাতবোমা উদ্ধার করে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে সাতটার দিকে নগরের সিটি বাইপাসের দাসপুকুর এলাকায় ছাত্রশিবিরের কর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে তাঁরা পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাল্টা কয়েকটি রাবারের গুলি ছোড়ে। শিবিরের কর্মীরা পালিয়ে যান। পরে পুলিশ আগুন নিভিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।
অবরোধের দ্বিতীয় দিনেও রাজশাহীতে মাঠে নামেননি বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু, দলের বিশেষ সম্পাদক ও জেলার সভাপতি নাদিম মোস্তফা এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক আত্মগোপনে থাকলেও অবরোধের সমর্থনে কর্মীদেরও মাঠে দেখা যায়নি। বোমা হামলায় পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার পর নেতারা আত্মগোপনে চলে যান। সিদ্ধার্থ হত্যা মামলায় বিএনপির এই নেতাদেরসহ ৩০০ জনের নামে মামলা করে পুলিশ।