রাজশাহীতে পুলিশি হয়রানির প্রতিবাদে মতবিনিময়
পুলিশি হয়রানির প্রতিবাদে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, সাংবাদিক ও সুধী সমাজের সঙ্গে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিল্প ও বণিক সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময়কালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজশাহীতে কর্মরত সাংবাদিক ও ভুক্তভোগীরা তাঁদের বক্তব্যে পুলিশি হয়রানির চিত্র তুলে ধরেন। সাংবাদিকেরা বলেন, তাঁদের কাছে অনেকেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন। কিন্তু পত্রিকায় নিউজ করতে চাইলে তাঁরা (ভুক্তভোগীরা) ভয় পান।
প্রসঙ্গত, রাজশাহীতে পুলিশ গত ফেব্রুয়ারি মাসে তিন সাংবাদিকের বিরুদ্ধে বাস পোড়ানোর অভিযোগ এনে মিথ্যা মামলা করে। এর প্রতিবাদে রাজশাহীতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। গত ২০ মার্চ রাজশাহী সার্কিট হাউসে পুলিশ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের একটি মতবিনিময় সভা হয়। সেখানে রাজশাহী পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু এখনো সেই মামলা প্রত্যাহার করা হয়নি।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাষাসৈনিক আবুল হোসেন, কবি ও কলামিস্ট ফজলুল হক, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী ইউনিটের কমান্ডার আবদুল মান্নান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, পরিচালক সেকেন্দার আলী, ভুক্তভোগী সাংবাদিকদের মধ্য থেকে আনু মোস্তাফা, বদরুল হাসান, রফিকুল ইসলাম, মামুন অর রশিদ, আসাদুজ্জামান, আদিত্য চৌধুরী মাসুদ রানা প্রমুখ।
ফজলে হোসেন বাদশা বলেন, আগেই পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর প্রয়োজন নেই। তবে পুলিশের দুর্বলতা নিয়ে তাঁরা কথা বলবেনই। তিনি বলেন, রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করবে বলে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে। সার্কিট হাউসে গত ২০ মার্চ এক বৈঠকে তাদের সঙ্গে একটি ভদ্রচিত সমঝোতা হয়েছিল। তারা যদি তা রক্ষা না করে, তাহলে সাংবাদিকদের দাবি বাস্তবায়নের পক্ষে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
ভুক্তভোগী সাংবাদিক আনু মোস্তফা বলেন, তাঁর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্র নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।