রাজশাহীতে পুলিশের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় পুলিশের গুলিতে রুবেল হোসেন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মিছিল বের করলে তাঁদের ওপর গুলি চালানো হয়। এ সময় আরও দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে তাহেরপুর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, স্থানীয় লোকজন ফাঁড়িতে হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন মারা গেছেন।

নিহত রুবেল হোসেন তাহেরপুর পৌরসভা এলাকার থানাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি তাহেরপুর বাজারের কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন থেকে পৌর এলাকায় তল্লাশি চৌকির মাধ্যমে মোটরসাইকেল আটক করে পুলিশ চাঁদাবাজি করে আসছিল। আজ তাহেরপুরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তাহেরপুর পুলিশ ফাঁড়িতে ইটপাটকেল ছোড়া হলে পুলিশ ওই মিছিলে গুলি চালায়। এতে রুবেল  হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও দুজন ব্যবসায়ী। তবে তাঁদের পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওই পুলিশ ফাঁড়িতে আবারও ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

রাজশাহী জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, স্থানীয় লোকজন ফাঁড়িতে হামলা চালালে পুলিশ গুলি চালায়। এতে একজন মারা গেছেন। তবে তল্লাশি চৌকির মাধ্যমে মোটরসাইকেল আটক করে চাঁদাবাজি হয়েছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।