রাজশাহীতে পুলিশের পাঁচ ফাঁড়ি-বক্স প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে তিনটি পুলিশ ফাঁড়ি ও দুটি পুলিশ বক্স প্রত্যাহার করে অন্য ফাঁড়ির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গত সোমবার রাতের পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। এ ঘটনায় নগরের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, মহানগর পুলিশের এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সোমবার রাত ১০টার পর থেকে তিনটি ফাঁড়ি ও দুটি পুলিশ বক্সের সদস্যদের অন্য ফাঁড়িতে সংযুক্ত করা হয়। এর মধ্যে নগরের বোসপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের মালোপাড়া ফাঁড়ির সঙ্গে, শিরোইল স্টেশন পুলিশ বক্সের সদস্যদের তালাইমারী পুলিশ ফাঁড়িতে, শিল্পনগর ফাঁড়ির সদস্যদের উপশহর ফাঁড়িতে, রাজশাহী কলেজ ফাঁড়িকে শিরোইল পুলিশ ফাঁড়ির সঙ্গে এবং কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সকে কেশবপুর ফাঁড়ির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।গত বছরের ৬ নভেম্বর জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের সদস্যদের ওপর হামলা করে বন্দুক কেড়ে নিয়ে তাঁদের পেটানো হয়। ওই ঘটনার পর থেকে সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাতের বেলায় পুলিশের সাইকেলে ও হেঁটে টহল দেওয়া বন্ধ করা হয়। এ ছাড়া ১০ জনের কম সদস্য নিয়ে কোথাও বের হতে নিষেধ করা হয়।গত মঙ্গলবার বিকেলে নগরের বোসপাড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখা যায়, সেখানে কেউ নেই। পুলিশের একজন সদস্য ছুটিতে ছিলেন। তিনি পরিত্যক্ত ফাঁড়িতে গিয়ে নিজের জিনিসপত্র সংগ্রহ করছেন। তিনি ফাঁড়ি প্রত্যাহারের আদেশের ব্যাপারে কিছু বলতে পারেননি। এই ফাঁড়িতে একজন সহকারী উপপরিদর্শকসহ ১৭ সদস্য কর্মরত ছিলেন। ফাঁড়ির পাশের বাড়ির একজন গৃহবধূ বলেন, ‘এখানে থাকবে কী করে, উহারখে নিরাপত্তা দিবে কে? এখানে পুলিশ থাকাতে আমহারে সাহস ছিল আলাদা।’রাজশাহী কলেজ ফাঁড়িতে একজন উপপরিদর্শকসহ (সশস্ত্র) আট সদস্য কর্মরত ছিলেন। মঙ্গলবার ফাঁড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফাঁড়ির দরজায় হাতকড়া দিয়ে তালা দেওয়া রয়েছে। রাজশাহী কলেজের অর্থনীতি শেষ বর্ষের শিক্ষার্থী রকিবুল হাসান জানান, পুলিশ ফাঁড়ি থাকার কারণে বহিরাগত ব্যক্তিদের কলেজ ক্যাম্পাসে অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সুবিধা হতো। নগরের কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সে ১৮ জন ও শিরোইল স্টেশন বক্সে নয়জন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এই বক্স দুটিতেও তালা দেওয়া রয়েছে।বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ফাঁড়িগুলোয় কিছু কাজ করা হবে। এ জন্য তাঁর থানার অধীনে আটটি ইউনিট (ফাঁড়ি) ভেঙে চারটি করা হয়েছে। এতে ইউনিটগুলোর শক্তি আরও বাড়বে। নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।এক হিসাবে দেখা গেছে, গত তিন মাসে রাজশাহী নগরে পুলিশের ওপর জামায়াত-শিবিরের ছোট-বড় প্রায় ৪০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় মতিহার জোনের সহকারী কমিশনার আবুল হাসনাত চারবার আহত হয়েছেন। রাজারহাতা এলাকায় আহত হন সহকারী কমিশনার সোহেল মাহমুদ। বিভিন্ন ঘটনায় অর্ধশতাধিক কনস্টেবল আহত হয়েছেন। এর মধ্যে গত ৩১ মার্চে বোমায় কবজি উড়ে যাওয়া উপপরিদর্শক মকবুল হোসেন ও পরের দিন নগরের শালবাগান এলাকায় হামলায় আহত উপপরিদর্শক (সশস্ত্র) জাহাঙ্গীর আলমকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।জামায়াত-শিবিরের হামলার আশঙ্কায় ইউনিটগুলো থেকে পুলিশ প্রত্যাহার করা হয়েছে কি না, জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ জামান জানান, মহানগরে তাদের (জামায়াত-শিবির) এ ধরনের নাশকতা ঘটানোর কোনো শক্তি নেই। তিনি ফাঁড়ি থেকে পুলিশ প্রত্যাহারের ঘটনা সঠিক নয় বলে দাবি করেন।