রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজশাহী নগরের পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া ও ছোট বনগ্রামে আজ মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
নগরের বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের ভাষ্য, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সকাল ১০টার দিকে ছোট বনগ্রাম এলাকায় এক পথচারীকে চাপা দেয়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান। চাপা দেওয়ার পরে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ৩০ যাত্রী আহত হয়। মতিউর রহমান বলেন, নিহত পথচারীর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে লুঙ্গি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
বানেশ্বর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমানের ভাষ্য, সকাল আটটার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে মোটরসাইকেলের আরোহী জাহাঙ্গীর আলম (৩২) একটি হিউম্যান হলারের নিচে চাপা পড়েন। গুরুতর আহত জাহাঙ্গীরকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফজলুর রহমান জানান, নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নাটোর সদর উপজেলার বৈদ্যনাথপুর এলাকায় । লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে।