রাজশাহীতে পোশাক ব্যবসায়ী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের আরডিএ মার্কেটের পোশাক ব্যবসায়ী শরিফুল ইসলাম গত বুধবার থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে তাঁর ভাই থানায় মামলা করলে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি। রিমান্ডে নেওয়া দুই ব্যক্তি হলেন শরিফুলের দোকানে পোশাক সরবরাহকারী রিপন ও তাঁর বন্ধু চপল। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার শরিফুলের দোকানের কর্মচারী টপিকে আটক করে পুলিশ। পুলিশ ও ব্যবসায়ী শরিফুলের পরিবার সূত্রের বর্ণনা অনুযায়ী, নগরের হেতম খাঁ এলাকার শরিফুলের কাছে ৩৫ হাজার টাকা পেতেন রিপন। বেশ কিছুদিন আগে পাওনা টাকার জন্য রিপন তাঁর বন্ধু চপলকে নিয়ে শরিফুলের দোকানে গিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনায় ৯ মে শরিফুল বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে শরিফুলের ছোট ভাই আরিফুল ইসলাম বুধবার বিকেলেই নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। সন্ধ্যায় পুলিশ রিপন ও চপলকে গ্রেপ্তার করে। বোয়ালিয়া মডেল থানার ওসি মোকাররম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শরিফুলকে উদ্ধারে চেষ্টা চলছে।