রাজশাহীতে প্রতিমা শোভাযাত্রায় হামলা আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে শোভাযাত্রা নিয়ে প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় গত বৃহস্পতিবার মধ্যরাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হয়েছে। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন: নগরের কুমারপাড়ার সুজয় (১৮), বিশ্বজিৎ (১৫), আশুতোষ কুমার ঘোষ (২৫), নিলয় ঘোষ (১৮), অমিতুল কুমার (১৯), উত্তম কুমার (২১), অমল ঘোষ (২০) ও শান্ত কুমার (১৮)। তাঁদের মধ্যে কুমারপাড়া এলাকার সত্যেন দাসের ছেলে আশুতোষ ও বিশ্বজিতের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরের মুন্নজান স্কুলের সামনে পদ্মা নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছিল। শোভাযাত্রা নিয়ে সবাই সেখানে যাচ্ছিলেন। নগরের কুমারপাড়া পদ্মা সর্বজনীন পূজামণ্ডপের শোভাযাত্রায় পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে আশুতোষকে ধরে ধারালো চাকু ও ব্লেড দিয়ে আঘাত করতে থাকে। আশুতোষের বন্ধুরা তাঁকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাঁদেরও ধারালো চাকু ও ব্লেড দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে শোভাযাত্রার লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।হামলায় জড়িত সন্দেহ বোয়ালিয়া মডেল থানার পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তাঁরা হলেন: নগরের আলুপট্টি মোড় এলাকার বিধান শর্মা (৩৫), সাগরপাড়া এলাকার তূর্য (২৮) ও উজ্জ্বল (৩০)। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে শুক্রবার (গতকাল) দুপুর পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ না পাওয়ায় থানায় মামলা হয়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।