রাজশাহীতে প্রথম আলো ও সমকালের বিরুদ্ধে সাংসদের ছেলের মামলা
রাজশাহীতে প্রথম আলো ও সমকাল পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান গত রোববার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পত্রিকা দুটির সংশ্লিষ্ট প্রতিবেদক, প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ৫ ডিসেম্বর তাঁদের হাজির হতে বলা হয়েছে। মামলায় সাক্ষী হিসেবে সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, তাঁর তিন ছেলে আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন মোল্লা ও মুস্তাক আহমেদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরজিতে উল্লেখ করা হয়, ১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘সাংসদের ছেলেকে নিয়ে টিআর কাবিখা বণ্টনের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনে মিথ্যা দোষারোপের মাধ্যমে বাদী ও ১ থেকে ৪ নম্বর সাক্ষীকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। ২ সেপ্টেম্বর সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘এমপি মেরাজ মোল্লা নিজে কামাচ্ছেন সঙ্গে ছেলেরাও’ শিরোনামের প্রতিবেদনে একইভাবে বাদী ও ১ থেকে ৪ নম্বর সাক্ষীর সম্মান ভূলুণ্ঠিত করা হয়েছে। এতে বাদী ও তাঁর পরিবারের দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।