রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে করা মামলা খারিজ
রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলা আজ রোববার খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদীর দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এ আদেশ দেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান মামলাটি দায়ের করেছিলেন।
গত বছরের ১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘সাংসদের ছেলেকে নিয়ে টিআর কাবিখা বণ্টনের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন ২ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকার প্রথম পাতায় ‘এমপি মেরাজ মোল্লা নিজে কামাচ্ছেন সঙ্গে ছেলেরাও’ শীর্ষক আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়।
৯ সেপ্টেম্বর মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে প্রথম আলো ও সমকালের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ এবং সমকালের প্রকাশক এ কে আজাদ, রাজশাহীর ব্যুরো প্রধান শিবলী নোমান ও প্রতিবেদক কাজী শাহেদের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলায় সাক্ষী হিসেবে সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, তাঁর তিন ছেলে আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন মোল্লা ও মুস্তাক আহমেদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়।
প্রথম আলোর আইনজীবী শরত্ চন্দ্র সরকার বলেন, এর আগের তারিখে বাদীর আইনজীবী শেষবারের মতো সময় চেয়েছিলেন। কিন্তু আজ বাদীর আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত মামলাটি খারিজ করে দেন।