রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে প্রথম আলোর বিরুদ্ধে দায়ের করা মামলা গতকাল রোববার খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদীর দীর্ঘদিনের অনুপস্থিতির কারণে রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালতের বিচারক জয়ন্তী রানী দাস মামলাটি নথিজাত করার আদেশ দেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান মামলাটি দায়ের করেছিলেন। গত ১ সেপ্টম্বর প্রথম আলোর শেষের পাতায় ‘সাংসদের ছেলেকে নিয়ে টিআর কাবিখা বণ্টনের অভিযোগ’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন ২ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় প্রথম পাতায় ‘এমপি মেরাজ মোল্লা নিজে কামাচ্ছেন সঙ্গে ছেলেরাও’ শীর্ষক শিরোনামে অপর একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত ৯ সেপ্টেম্বর মেরাজ উদ্দিন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতে প্রথম আলো ও সমকাল-এর বিরুদ্ধে (৫০০/৫০১/৫০২/১০২ দ.বি.) মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ ও সম্পাদক মতিউর রহমান এবং সমকাল-এর রাজশাহী ব্যুরোপ্রধান শিবলী নোমান, প্রতিবেদক কাজী শাহেদ ও প্রকাশক এ কে আজাদের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলায় সাক্ষী হিসাবে সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা, তাঁর তিন ছেলে আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন মোল্লা ও মুস্তাক আহমেদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। প্রথম আলোর আইনজীবী শরৎচন্দ্র সরকার বলেন, এর আগের তারিখে বাদীর আইনজীবী শেষবারের মতো সময় চেয়েছিলেন। কিন্তু গতকাল রোববার বাদীর আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন না। ফলে আদালত মামলাটি নথিজাত করার আদেশ দেন।