রাজশাহীতে ফলে ফরমালিন পরীক্ষার ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ফলে ফরমালিন পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এতে ভোক্তা পর্যায়ে ফরমালিনযুক্ত ফল কিনে প্রতারিত হলেও তারা এগুলো যাচাই বা প্রতিকারের কোনো উপায় খুঁজে পাচ্ছে না।বিএসটিআই রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এই কার্যালয়ে একজন উপপরিচালক, আটজন সহকারী পরিচালক, আটজন মাঠ কর্মকর্তা, একজন পরীক্ষক, দুজন পরিদর্শকসহ প্রায় ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীর পদ রয়েছে। রয়েছে বিশাল ভবন ও পরীক্ষাগার। কিন্তু তাঁদের কাছে ফরমালিনযুক্ত ফল পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। তাঁরা এখন পর্যন্ত দুধ ও মাছে ফরমালিন আছে কি না, তা পরীক্ষা করতে পারেন। আর আম পাকানোর জন্য কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হলে তাঁরা পরীক্ষা করতে পারেন। কিন্তু আম পচে যাওয়া রোধ করার জন্য বা আম পাকা বিলম্বিত করার জন্য যদি ফরমালিন বা অন্য কোনো রাসায়নিক ব্যবহার করা হয়, তাহলে তা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। এ জন্য ভুক্তভোগীরা কোনো প্রতিকার পাচ্ছে না।রাজশাহী নগরের রামচন্দ্রপুর এলাকার কলেজশিক্ষক শামছুল হক নগরের স্টেশন বাজার থেকে ১৪ জুন কিছু ল্যাংড়া আম কেনেন। শামছুল হক বলেন, তাঁর বাচ্চারা সাত দিন ধরে আমগুলোর পাকার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমগুলো পাকছে না। দু-একটি আমের ওপরের অংশ কুঁচকে গেলেও পচে যাচ্ছে না। আবার পাকছেও না। তাঁরা এ রকম কয়েকটি আম কেটে খাওয়ার পর পেটে সমস্যা অনুভব করেন।রাজশাহী কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক ১২ জুন নগরের সাহেব বাজার থেকে কিছু ল্যাংড়া আম কিনেছিলেন। তিনিও একই সমস্যায় পড়েছেন। একই সমস্যার কথা বলেন রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম সরকার, নগরের তালাইমারী এলাকার কলেজশিক্ষক মাহাবুবুর রহমান। তাঁরা প্রথম আলো কার্যালয়ে ফোন করে আম নিয়ে বিড়ম্বনার কথা জানান।ভুক্তভোগী শামছুল হক বলেন, রাজশাহী আমসমৃদ্ধ এলাকা। এখান থেকে সারা দেশে আম যাচ্ছে। তিনি বলেন, অসৎ ব্যবসায়ীরা শুধু তাড়াতাড়ি আম পাকানোর জন্যই নয়, শেষের দিকের বাজার ধরতে আম পাকা বিলম্বিত করার জন্যও রাসায়নিক ব্যবহার করতে পারে। এটা এখন পর্যন্ত বিএসটিআই কর্তৃপক্ষের বিবেচনায়, এটা খুবই দুঃখজনক।তবে শামছুল হক গত মঙ্গলবার আমগুলো নিয়ে সরাসরি প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে আসেন। গত বুধবার এই প্রতিবেদক আমগুলো নিয়ে বিএসটিআইয়ের রাজশাহী কার্যালয়ে যান। আঞ্চলিক কার্যালয়ে প্রধান রেজাউল করিম ফলগুলো দেখে ফরমালিনযুক্ত বলে সন্দেহ করলেও তাৎক্ষণিক এ ব্যাপারে কিছু করতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজশাহীতে এগুলো পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। তিনি আমগুলো ঢাকায় পাঠিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে ঢাকায় তাঁদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে।