রাজশাহীতে ফারাজ স্মরণে বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে ফারাজ আইয়াজ হোসেন স্মরণে শুক্রবার শুরু হওয়া ‘পঞ্চম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১৬’ উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে ফারাজ আইয়াজ হোসেন স্মরণে শুক্রবার শুরু হওয়া ‘পঞ্চম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১৬’ উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয়। ছবি: শহীদুল ইসলাম

‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানে রাজশাহীতে শুক্রবার শুরু হয়েছে ফারাজ আইয়াজ হোসেন স্মরণে ‘পঞ্চম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব-২০১৬’।

রাজশাহী মেডিকেল কলেজের কাইছার রহমান মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেন, ‘আজ এই বিতর্কে যারা ভালো করবে, আগামী দিনে জীবনযুদ্ধে তারাই জয়ী হবে।’

সকাল ১০টায় উৎসবের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবিব। তাঁরই সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ খান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) চেয়ারম্যান এ কে এম শোয়েব ও ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথের নির্বাহী পরিচালক নাজমুল হোসেইন।

কামরুল হাসান খান বলেন, ‘আজকের এই তরুণেরা একেকটি হিরের টুকরা। তাদের জন্য আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই বয়সে একজন মানুষ দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। সুন্দর জীবনের জন্য বাধা অতিক্রম করে যেতে পারে।’ তিনি রাশিয়ান একজন লেখকের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমার জীবন আজ উৎসর্গ করেছি মানুষের মুক্তির জন্য’—এটাই আজকের তারুণ্যের ব্রত হওয়া উচিত।

এ কে এম শোয়েব বলেন, ফারাজ আইয়াজ হোসেন যেমন জীবন দিয়ে বন্ধুত্বের প্রতি নিজের কমিটমেন্ট প্রতিষ্ঠা করে গেছেন, আজকের তারুণ্যের মধ্যে এই বোধটা জেগে উঠুক, এটাই এই বিতর্ক উৎসবের উদ্দেশ্য।

বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হককে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়। তিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবকে (আরএমসি ডিসি) ধন্যবাদ দিয়ে বলেন, ‘জীবনযুদ্ধই হচ্ছে বিতর্ক। প্রতিদিন কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বিতর্ক করতে হয়, শিক্ষার্থীকে শিক্ষকের সঙ্গে বিতর্ক করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, পরিবারে সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত বিতর্ক করতে হয়। সুতরাং বিতর্কের মাধ্যমেই আমরা বেঁচে থাকি। আজকের বিতর্কে যারা ভালো করবে, আগামী দিনের জীবনযুদ্ধে তারাই জয়ী হবে।’

উৎসব উপলক্ষে সকাল আটটায় রাজশাহী মেডিকেল কলেজ চত্বরে অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি অনুষ্ঠানস্থল থেকে মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক হয়ে ফিরে আসে। এরপর লটারির মাধ্যমে দলগুলোর মধ্যে বিতর্কের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়।

উৎসবে সরকারি-বেসরকারি ৪৫টি মেডিকেল ও ডেন্টাল কলেজের ৮০টি বিতর্ক দল ও ৪০টি কুইজ দল অংশ নিচ্ছে। এ ছাড়া বারোয়ারি বিতর্কে (একক) ও ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ২৯ জন প্রতিযোগী।

শুক্রবার প্রথম ও দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা হয়েছে। দলগত বিতর্কের বিষয় ছিল ‘চিকিৎসাসেবার বিকেন্দ্রীকরণই পারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে’ এবং ‘জঙ্গিবাদ নিরসনে রাষ্ট্রীয় সক্রিয়তা নয়, পারিবারিক সক্রিয়তাই মুখ্য’। বারোয়ারি বিতর্কের বিষয় ছিল ‘মৃত্যু হয়েছে নত ফারাজের কাছে’। এ ছাড়া ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার বিষয় ছিল ‘ইফ আই হ্যাড লিটল মোর টাইম’। সারা দেশ থেকে আসা ৪০ জন সাবেক বিতার্কিক উৎসবে বিচারক হিসেবে কাজ করছেন।