রাজশাহীতে বন্ধুসভা বইমেলার উদ্বোধন
রাজশাহীতে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার উদ্যোগে গতকাল বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুলে পাঁচ দিনব্যাপী ‘বন্ধুসভা বইমেলা’ শুরু হয়েছে।
বিকেল চারটায় মেলার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নাট্যকার মলয় ভৌমিক, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা, ইতিহাস বিভাগের শিক্ষক আনিসুজ্জামান, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন কর্মকর্তা এস এম গোলাম আজম ওরফে মাখন, বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার আবদুর রোকন মাসুম, রূপালী ব্যাংকের রাজশাহী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা সোয়েবুর রহমান খান, নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাশিদা বেগম, বন্ধুসভার বন্ধু ফারুক হোসেন প্রমুখ। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন রাজশাহী বন্ধুসভার সভাপতি আজমিরা বিজলী। অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধু আশিফা আশরাফী বন্ধু ফারুক হোসেনের লেখা ‘বই পড়াতেই আনন্দ’ শীর্ষক প্রবন্ধটি পড়ে শোনান।
মলয় ভৌমিক বলেন, আগের দিনে যেকোনো আড্ডায় ‘হিরো’ হওয়ার একটা প্রবণতা ছিল। যার যত বেশি বই পড়া ছিল, সেই ছিল আড্ডার ‘হিরো’। এখন সেই হিরো বদলে গেছে। কে কয়টা কোচিংয়ে যায়, কার কয়টা প্রাইভেট, কার কত বেশি দামের ও নতুন মডেলের মুঠোফোন আছে—সে-ই এখন হিরো।
অনুষ্ঠানের উদ্বোধক আবুল কাশেম নিজের বই পড়ার উদাহরণ দিতে গিয়ে বলেন, প্রতিদিন রাত দুইটা পর্যন্ত তিনি বইয়ের ঘরে কাটান। বাংলাদেশের যেকোনো শহরে গিয়ে তিনি প্রথমে বইয়ের দোকান খোঁজেন। এটা তাঁর নেশা। তিনি তরুণদের কম্পিউটারে পর্দায় বই না পড়ে বইয়ের একটি ছাপা কপি হাতে নিয়ে পড়ার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, ‘বইয়ের দিন এখনো শেষ হয়ে যায়নি। তথ্যপ্রযুক্তিতে পৃথিবীর যেসব দেশ আমাদের চেয়ে এগিয়ে গেছে, সেসব দেশে এখনো ছাপা বই জনপ্রিয়।
মেলা চলবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত। প্রথম দিনে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। মেলায় বন্ধুসভা, প্রথমা ও বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে প্রকাশিত বইয়ের স্টল রয়েছে।