
রাজশাহী সিটি করপোরেশনের অধীনে দারুচিনি প্লাজা, স্বপ্নচূড়া ও সিটি সেন্টার ভবন মূল নকশা অনুযায়ী নির্মাণ ও অবিলম্বে ব্যবসায়ীদের কাছে হস্তান্তর, বর্ধিত গৃহকর (হোল্ডিং ট্যাক্স) প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার নগর ভবন ঘেরাও করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে একই দাবিতে সংগঠনটি নগরে বিক্ষোভ মিছিল বের করে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। এতে নগরের বিভিন্ন পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী ও নির্মাণাধীন মার্কেটের অর্থ লগ্নিকারী ব্যবসায়ীরা অংশ নেন। সকাল ১০টায় নগরের গোরহাঙ্গা নিউমার্কেট মোড় এলাকা থেকে মিছিল বের করা হয়। পরে নগর ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ ঘেরাও কর্মসূচি থেকে অবিলম্বে নির্মাণাধীন তিনটি বাণিজ্যিক ভবন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সময়ে গৃহীত নকশা অনুযায়ী সম্পন্ন করে তা অর্থ লগ্নিকারী ব্যবসায়ীদের মধ্যে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে নগরের ঐতিহ্যবাহী সোনাদিঘির অস্তিত্ব রক্ষা, অবৈধ দখলদারদের কবল থেকে ভুবন মোহন পার্ক ও কেন্দ্রীয় শহীদ মিনার মুক্ত করে সৌন্দর্যবর্ধন এবং বর্ধিত গৃহকর প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান, আইনজীবী এন্তাজুল হক, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিল কুমার সরকার, সাংবাদিক হাসান মিল্লাত, রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, নারী ও শিল্প উদ্যোক্তা সেলিনা খাতুন, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক এম শরিফ, দিগন্ত প্রসারী ক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল মতিন, রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা তাজুল ইসলাম, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, বাণিজ্যিক প্রসার ও আধুনিক বিপণিবিতান গড়ে তোলার আশা নিয়ে রাজশাহী নগরে একাধিক বহুতল ভবন নির্মাণকাজ পাঁচ বছর আগে শুরু হলেও নানা জটিলতায় সেগুলোর সব কাজ বন্ধ রয়েছে। এসব ভবনে সহস্রাধিক ব্যবসায়ী অগ্রিম অর্থলগ্নি করে চরম বিপাকে পড়েছেন। সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর থেকে এগুলো দেখভাল ও বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন বিষয়টি রহস্যজনক কারণে তাঁরা এড়িয়ে চলছেন। সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আজিমের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে তাঁকে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রাজশাহী সিটি করপোরেশন হঠাৎ নাগরিকদের জন্য হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে নগরবাসীর মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে। সম্প্রতি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ট্যাক্স কমানোর ঘোষণা দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেননি। অবিলম্বে বর্ধিত কর বাতিলের জোর দাবি জানান তাঁরা।
জামাত খান বলেন, অবিলম্বে রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদিঘি রক্ষা ও দখলমুক্ত করতে হবে। নোংরা-আবর্জনা ও বালু ভরাট করে দিঘিটিকে হত্যা করা হয়েছে। ঐতিহাসিক ভুবনমোহন পার্ক অবৈধ দখলমুক্ত ও মাদকের আখড়া বন্ধ করতে হবে। সেখানে অপরিকল্পিতভাবে নির্মিত গণশৌচাগার অন্যত্র সরাতে হবে।