রাজশাহীতে বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারে গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিলসহ চার দফা দাবিতে হরতালের পর এবার রাজশাহী নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের ব্যানারে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগরের সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। আরও বক্তব্য দেন রাজশাহী নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের সদস্যসচিব ফরিদ মাসুদ হাসান, রাজশাহী নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্যসচিব হোসেন আলী পেয়ারা, ভাসানী সংগ্রাম পরিষদের সদস্যসচিব সাইদুর রহমান, রাকসুর সাবেক ভিপি ও সিপিবির জেলা সাধারণ সম্পাদক রাগিব আহসান মুন্না, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম, জনমুখী সমবায় সমিতির সভাপতি আলমাছ খান, সচেতন রাজশাহীর কো-অর্ডিনেটর ইফফাত আরা সরকার, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্রমুখ।
মিজানুর রহমান মিনু তাঁর বক্তব্যে বলেন, ‘রাজশাহীকে চট্টগ্রাম কিংবা ঢাকার বাণিজ্যিক এলাকার সঙ্গে তুলনা করলে ভুল হবে। রাজশাহীর উন্নয়ন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে সামাজিকভাবে করতে হবে। সিটি করপোরেশন চালানোর অভিজ্ঞতা থেকে বড় ভাই হিসেবে আমি বলব, এই অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে জনগণের সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে।’ তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে রাজশাহীর জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান।
নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের দাবিগুলো হচ্ছে অস্বাভাবিক হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিল, আরোপিত সাইনবোর্ড ফি প্রত্যাহার ও সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপ। এসব দাবিতে গত বছরের ১১ ডিসেম্বর রাজশাহীতে আধা বেলা হরতাল পালন করেছে সংগঠনটি। তারও আগে থেকে বিক্ষোভ, মানববন্ধন, ঘেরাও কর্মসূচির পাশাপাশি স্মারকলিপি দিয়ে আসছে সংগঠনটি।