রাজশাহীতে বহাল তবিয়তে ১২টি অবৈধ ক্যাম্পাস
রাজশাহীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি অবৈধ শাখা ক্যাম্পাস উচ্ছেদ করা হয়েছে৷ এখনো বহাল তবিয়তে রয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ১২টি অবৈধ শাখা ক্যাম্পাস৷ নিয়ম না থাকলেও এদের অনেকেই সেখানে ছাত্র ভর্তির জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে৷
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা গেছে, রাজশাহীতে বৈধ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়৷ এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব শাখা রয়েছে, সেগুলো অবৈধ৷
১৯ ও ২১ মে রাজশাহীর নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান অভিযান চালিয়ে নগরের তালাইমারী ও উপশহর এলাকায় পরিচালিত আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের দুটি শাখা ক্যাম্পাস উচ্ছেদ করেছেন৷ এ সময় শাখা দুটির মালামাল জব্দ করে ক্যাম্পাস সিলগালা করে দেওয়া হয়৷ অথচ উচ্ছেদের আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় খবরের কাগজে কয়েক দফা বিজ্ঞাপন দিয়েছে৷ ওই দুই ক্যাম্পাস উচ্ছেদ করলেও নগরের ভদ্রা এলাকায় বিশ্ববিদ্যালয়ের আরও একটি ক্যাম্পাসের কার্যক্রম চলছে৷ পত্রিকায় ভর্তির বিজ্ঞাপন দেখে ২২ মে ওই শাখায় যোগাযোগ করা হলে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা এখন একে ঢাকা ক্যাম্পাসের তথ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করছি৷’ অথচ বিজ্ঞপ্তিতে ওই ক্যাম্পাসে ১০টি বিষয়ে ২০ থেকে ১০০ শতাংশ ছাড়ে ভর্তি চলছে বলে উল্লেখ রয়েছে৷
রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আরও যে কটি শাখা ক্যাম্পাস রয়েছে, সব কটিই উচ্ছেদ করা হবে৷ অন্য বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের ব্যাপারে তিনি বলেন, আমেরিকা-বাংলাদেশের শাখা ক্যাম্পাস উচ্ছেদের ব্যাপারে ইউজিসি তাঁদের কাছে আদালতের একটি নির্দেশনা পাঠিয়েছে৷ অন্যদের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি৷
রাজশাহী নগরের অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি শাখা ক্যাম্পাস রয়েছে দারুল ইহসানের৷ রাজশাহী নগরে এর পাঁচটি শাখা ক্যাম্পাস রয়েছে৷
২২ মে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ঘুরে দেখা গেছে, একটি ক্যাম্পাসের সাইনবোর্ড নেই৷ ওই ক্যাম্পাসের কার্যক্রম আপাতত বন্ধ থাকলেও বাকি চারটিই সচল রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের দেবীসিংপাড়া-ইসলামপুর ক্যাম্পাসের পরিচালক এম এ আরিফ বলেন, ঢাকার িমরপুর-১০ এলাকায় অবস্থিত দারুল ইহসানের প্রধান ক্যাম্পাসের শাখা ক্যাম্পাস এটি৷ কিন্তু অন্যগুলো সব উত্তরা শাখার অধীনে৷
তবে ইউজিসির ওয়েবসাইটে মিরপুর শাখার কোনো উল্লেখ নেই৷ তার পরও এটি কীভাবে শাখা হিসেবে চলছে, জানতে চাইলে তিিন বলেন, ওয়েবসাইটে তাঁদের ক্যাম্পাসের নামও রয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের অপর একটি শাখা নগরের তালাইমারীতে অবস্থিত৷ তারা নিজেদের রাজশাহী সিটি ক্যাম্পাস বলে পরিচয় দিচ্ছে৷ এটি ঢাকার বিএনএস উত্তরা ক্যাম্পাসের অধীনে পরিচালিত হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷
নগরের শালবাগান শাখার সাইনবোর্ডটি সম্প্রতি ঝড়ে উড়ে যাওয়ার পর থেকে কার্যালয় বন্ধ রয়েছে৷ পাশের এক ভাড়াটে বলেন, ঝড়ের পর থেকে কাউকে দেখা যাচ্ছে না৷ নগরের তালাইমারী ও মালোপাড়া এলাকায় তাদের আরও দুটি শাখা ক্যাম্পাস রয়েছে৷ কার্যালয় খোলা থাকলেও তারা এখনো খবরের কাগজে বিজ্ঞাপন দেয়নি৷
রাজশাহীতে প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজির তিনটি ক্যাম্পাস রয়েছে৷ এগুলো নগরের সাগরপাড়া, ভদ্রামোড় ও মনিচত্বর এলাকায় অবস্থিত৷ প্রচারপত্রে সাগরপাড়ার ক্যাম্পাসের পরিচালকের নাম লেখা রয়েছে ড. জাহাঙ্গীর৷ তিনি ক্যাম্পাসে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন৷
তিনটি ক্যাম্পাসের কোনটি বৈধ জানতে চাইলে তিনি বলেন, তিনিই রাজশাহীতে প্রথম ক্যাম্পাস নিয়ে এসেছেন৷ তাই তাঁর ক্যাম্পাসই বৈধ৷
এই বিশ্ববিদ্যালয়ের ভদ্রা ও মনিচত্বর এলাকায়ও ক্যাম্পাস রয়েছে৷ পত্রিকায় একই বিজ্ঞাপনে দুটি ক্যাম্পাসের নাম রয়েছে ক্যাম্পাস-১ ও ক্যাম্পাস-২ নামে৷ তারাও ১৫টি বিষয়ে ভর্তির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে৷
মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্যাম্পাস দুটির পরিচালক পরিচয় দিয়ে ইব্রাহিম নামের এক ব্যক্তি বলেন, তাঁদের কাছে ঢাকার বৈধ ক্যাম্পাসের কাগজ রয়েছে৷ তাদের ছাত্র ভর্তি চলছে৷
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক শামসুল আলম বলেন, অন্যগুলোও বন্ধ হয়ে যাবে৷ শুধু আদালতের স্থগিতাদেশের কারণে আপাতত উচ্ছেদ করা যাচ্ছে না৷
এ ছাড়া রাজশাহী নগরের মোন্নাফের মোড় ও উপভদ্রা এলাকায় নর্দান বিশ্ববিদ্যালয়ের দুটি এবং দেবীসিংপাড়া এলাকায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার একটি শাখা ক্যাম্পাস রয়েছে৷ তবে ইউজিসির ওয়েবসাইটে এগুলোর উল্লেখ নেই৷