রাজশাহীতে বাণিজ্য মেলার নামে চলছে র্যা ফল ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী শিল্প ও বণিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও নগরের কালেক্টরেট মাঠে বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। তবে বাণিজ্য মেলার অনুমোদন নিয়ে এবার চালানো হচ্ছে র্যা ফল ড্র। মেলার স্টলগুলো প্রায় খালি পড়ে আছে। দর্শনার্থীও নেই বললে চলে। প্রতিদিন রাতে একটি শিশুর চোখে কাপড় বেঁধে তোলা হচ্ছে লটারির কুপন। স্থানীয় ক্যাব্ল টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফলে যাঁরা টিকিট কিনছেন, তাঁদের আর মেলার মাঠে যেতে হচ্ছে না।
রাজশাহী শিল্প ও বণিক সমিতি সূত্রে জানা গেছে, কালেক্টরেট মাঠটি জেলা প্রশাসনের হওয়ায় জেলা প্রশাসকের কাছ থেকে মাঠ ব্যবহারের অনুমতি নিতে হয়। আর মহানগর পুলিশ প্রশাসনের কাছ থেকে মেলা পরিচালনার অনুমতি নিতে হয়। এদিকে মেলার অনুমোদন নিয়ে বণিক সমিতি দরপত্র আহ্বান করে মেলাটি ইজারা দেয়। এবার তারা সাড়ে ১৬ লাখ টাকায় এই মেলা ইজারা দিয়েছে। নগরের পাঠানপাড়ার মোহাম্মদ কাইয়ুম নামের এক ব্যক্তি মেলাটি ইজারা নিয়েছেন। কিন্তু শুধু বাণিজ্য মেলার অনুমোদন নেওয়া হলেও সেখানে মূলত র্যা ফল ড্র চালানো হচ্ছে। মেলায় শতাধিক স্টল থাকলেও ১০-১৫টি স্টলে দোকান বসেছে। বাকিগুলো সব ফাঁকা। মেলায় দোকান না থাকার কারণে দর্শনার্থীরাও যাচ্ছেন না। কিন্তু প্রতিদিন সকালে দেড় শতাধিক অটোরিকশা র্যা ফল ড্রর টিকিট ও মাইক নিয়ে বেরিয়ে পড়ছে। টিকিট বিক্রি করে রাতে কুপনের বাক্স নিয়ে মেলায় ফিরছে সেগুলো। রাতে একজন শিশুর চোখ বেঁধে কুপন তোলা হয়। এই দৃশ্য ক্যাব্ল টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ জন্য যাঁরা টিকিট কিনছেন, তাঁরা মেলায় যাচ্ছেন না।
এদিকে আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এই সময়ে দেড় শতাধিক মাইক রাজশাহী মহানগর এলাকাসহ বিভিন্ন উপজেলায় র্যা ফল ড্রর টিকিটের প্রচারণা চালাচ্ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, বাড়ির সামনে এভাবে মাইক দিয়ে র্যা ফল ড্রর টিকিট বিক্রি করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মন দিতে পারে না। বরং পড়ার টেবিল ছেড়ে তারা র্যা ফল ড্রর টিকিট কিনতে যাচ্ছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় স্যান্নাল বলেন, কোনো অনুষ্ঠান করতে নির্দিষ্ট সময়ের জন্য মহানগর পুলিশ মাইক ব্যবহারের অনুমতি দিতে পারে। কিন্তু দিনের পর দিন এভাবে র্যা ফল ড্রর টিকিট বিক্রির জন্য মাইক বাজানোর অনুমতি তারা দিতে পারে না। এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন আছে। আর পুলিশ যদি অনুমতি না দিয়ে থাকে, তাহলে তাদের এই মাইক বাজানো বন্ধ করে দেওয়া উচিত।
রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান বলেন, তাঁরা বাণিজ্য মেলার জন্য অনুমোদন নিয়েছেন। মেলাটি তাঁরা দরপত্র আহ্বান করে ইজারা দিয়েছেন। র্যা ফল ড্র করার জন্য তাঁরা মেলা ইজারা দেননি। তিনি বলেন, সাধারণত মেলায় যেসব দর্শনার্থী প্রবেশ করেন, তাঁদের টিকিটের কুপন নিয়ে মেলা শেষে অথবা সপ্তাহে একদিন ড্র করার বিষয়টি প্রচলিত আছে।
মেলা কমিটির সভাপতি বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান বলেন, তাঁরা দরপত্র করে ইজারা দিয়েছেন। যাঁরা ইজারা নিয়েছেন, তাঁরা কীভাবে চালাচ্ছেন বিষয়টি তাঁদের। এ ব্যাপারে গত শনিবার একাধিকবার চেষ্টা করেও মেলার ইজারাদার মোহাম্মদ কাইয়ুমের ফোনে যোগাযোগ করলে তিনি কথা বলতে চাননি।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, তাঁরা র্যা ফল ড্রয়ের কোনো অনুমতি বণিক সমিতিকে দেননি। এখন তারা কীভাবে র্যা ফল ড্র চালাচ্ছে তাঁরা জানেন না। কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন জানতে চাইলে, তিনি বলেন, কেউ অভিযোগ দিলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন।
রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, তাঁরা শুধু মেলার জন্য মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। র্যা ফল ড্রয়ের ব্যাপারে বণিক সমিতিকে তাঁরা না বলে দিয়েছেন।