রাজশাহীতে বান্ধবী, ঢাকায় বন্ধুর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে বান্ধবীর আত্মহত্যার খবর পাওয়ার কিছুক্ষণ পর গতকাল বৃহস্পতিবার ঢাকায় আত্মহত্যা করেছেন তাঁর বন্ধু। এ দুজন হলেন ফাহমিদা সুলতানা (২২) ও মিনহাজ চৌধুরী (২৫)।

ফাহমিদা রাজশাহীর বেসরকারি উদয়ন ডেন্টাল কলেজে শেষ বর্ষে এবং মিনহাজ ঢাকার শাহজাদপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শেষ বর্ষে পড়তেন।

মিনহাজের বন্ধু মীম রহমান জানান, মিনহাজ গুলশানের শাহজাদপুরে অবস্থিত ইউআইটিএস নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগে শেষ বর্ষে পড়তেন। খিলবাড়ীটেকের একটি বাড়ির ষষ্ঠ তলার মেসে থাকতেন মিনহাজ। তিনি থাকেন তৃতীয় তলায়। গতকাল সকালে মিনহাজ তাঁকে ফোন করে ‘রাজশাহীতে তাঁর বান্ধবী ফাহমিদা আত্মহত্যা করেছেন’ বলে জানিয়েই ফোন কেটে দেন। মিনহাজ আরও কয়েকজন বন্ধুকে একইভাবে এই খবর দেন। পরে তাঁরা বন্ধুরা যোগাযোগের জন্য মিনহাজকে ফোন দিলেও তিনি ধরেননি।

মীম আরও জানান, দুপুর সোয়া ১২টার দিকে তিনি তাঁর রুমমেটদের সঙ্গে নিয়ে ষষ্ঠ তলায় গিয়ে দেখেন, মিনহাজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তাঁরা বাড়ির মালিককে ডেকে এনে চাবি দিয়ে দরজা খোলান। তাঁরা ঘরে ঢুকে দেখেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় মিনহাজের নিথর দেহ খাটের ওপর পড়ে আছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, মিনহাজকে বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় আনা হয়।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি আত্মহত্যাজনিত ঘটনা। ওই যুবক (মিনহাজ) সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। একপর্যায়ে হয়তো ফ্যানের ব্লেড থেকে গামছা ফসকে যাওয়ায় তিনি নিচে পড়ে যান।

মিনহাজের বন্ধুরা জানান, মিনহাজের মা-বাবা রাজশাহী শহরে থাকেন। ফাহমিদা রাজশাহী শহরের বহরমপুরে নিজ বাড়িতে থাকতেন। এই দুজন একসময় রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠী ছিলেন। তখন থেকেই তাঁদের ঘনিষ্ঠতা।

মিনহাজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তাঁর বাবা মিজানুর রহমান চৌধুরী।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম জানান, ফাহমিদা গত বছর পরীক্ষায় অকৃতকার্য হন। এ বছর তিনি আবারও পরীক্ষা দিচ্ছিলেন। গত বুধবার অনুষ্ঠিত পরীক্ষাটি খারাপ হয়। পরীক্ষা খারাপ হওয়ার কথা শুনে বুধবার রাতে খাবার টেবিলে তাঁকে তাঁর মা বকুনি দেন। গতকাল সকালে তাঁর মা কর্মস্থলে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ফাহমিদাকে ঝুলতে দেখেন। প্রতিবেশী ফোন করে ঘটনাটি ফাহমিদার মাকে জানান। এরপর স্বজনেরা দ্রুত ওই বাড়িতে এসে লাশ নামিয়ে ফেলেন। ঘটনাটি পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগরে নেওয়া হয়।

পুলিশের ধারণা, পরীক্ষা খারাপ হওয়ায় বকুনি খেয়ে ফাহমিদা আত্মহত্যা করেছেন।

ফাহমিদার মা নুরমহল বেগম রাজশাহী নার্সিং ইনস্টিটিউটের প্রভাষক। বাবা একরামুল হক রাজশাহী নগরের একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত।