রাজশাহীতে বাস দুর্ঘটনায় মামলার আসামি মৃত চালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গত মঙ্গলবারের বাস দুর্ঘটনায় রাতেই নগরের মতিহার থানায় একটি মামলা করেছে পুলিশ। এতে দুই বাসের মৃত চালককে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের মাসকাটাদিঘী পশ্চিমপাড়া এলাকায় রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও জেলার তাহেরপুরগামী অর্পা ট্রাভেলসের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে সাত যাত্রী নিহত হন। এ ঘটনায় মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম মামলা করেন। এই মামলার দুই আসামি হলেন ন্যাশনাল ট্রাভেলসের বাসের চালক শহিদুল ইসলাম (৪০) ও অর্পা ট্রাভেলসের গাড়ির চালক মিন্টু (৩৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন মতিহার থানার এসআই রেজাউল করিম। মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ন্যাশনাল ট্রাভেলসের চালকই ঘাতক। তাঁর জন্যই এতগুলো মানুষের সর্বনাশ হয়ে গেছে।’ এ মামলার অভিযোগপত্র কার বিরুদ্ধে দেওয়া হবে—জানতে চাইলে এসআই বলেন, শেষ পর্যন্ত এ মামলায় চূড়ান্ত প্রতিবেদনই (কাউকেই অভিযুক্ত না করা) দিতে হবে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে গতকাল বুধবার ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে রাকিবকে (২৮) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।