রাজশাহীতে বাসচাপায় সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত

রাজশাহীতে আজ রোববার বাসচাপায় এমদাদুল হক সরদার (৬৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম ছিলেন। তিনি বিএনপির সাবেক সাংসদ জাহান পান্নার স্বামী।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা পৌনে ১১টার দিকে এমদাদুল হক বাজার থেকে রিকশায় করে তাঁর পদ্মা আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন। নগরের ভদ্রা এলাকার গোলচত্বরে রিকশাটি একটি বাসের সঙ্গে আটকে যায়। বাসটি রিকশাকে ঠেলে প্রায় ২০ হাত দূরে নিয়ে যায়। এ অবস্থায় এমদাদুল হক রিকশা থেকে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয় লোকজন গিয়ে বাসের নিচ থেকে তাঁকে টেনে বের করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এমদাদুল হকের ছেলে সজিব হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁর বাবা সকালে বাজার করতে গিয়েছিলেন। বাজার নিয়ে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।