রাজশাহীতে বিএনপি ও ছাত্রদলের ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় কোনো মামলা হয়নি। তবে হামলার পর যানবাহন ভাঙচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।ক্ষতিগ্রস্ত পদ্মা পরিবহনের বাসচালক আমিরুল ইসলাম মঙ্গলবার রাত ১১টার দিকে বিএনপি ও ছাত্রদলের ৩০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে রাজশাহী নগরের মতিহার থানায় মামলাটি করেন। মামলায় ৩০-৪০ জন নেতা-কর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামি ছাত্রদলের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।মামলায় ছাত্রলীগের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজাকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগরের মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খানজার আলী, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যু্্গ্ম আহ্বায়ক তোজাম্মেল হক, আহসানুল হক, জহুরুল হক, সালাউদ্দিন, ইকরামুল ইসলাম, সাইফুল ইসলাম ও আল আমিন, সদস্য জাকারিয়া আহাম্মেদ, মোস্তফা কামাল ও আহসান এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ হোসেন।আসামিদের মধ্যে ছাত্রদলের নেতা জাকারিয়াকে মঙ্গলবার বিকেলে নগরের বিনোদপুর এলাকায় যানবাহন ভাঙচুরের সময় এবং ছাত্রদলের কর্মী রাব্বি হাসানকে গতকাল সকালে গ্রেপ্তার করা হয়।মামলার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, জাকারিয়া ও রাব্বিকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপাচার্যের পদত্যাগ দাবি: মঙ্গলবারের হামলার পর থেকে বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ছাত্রছাত্রীদের প্রবেশপত্র দেখে ক্যাম্পাসে ঢুকতে দিয়েছে। এ অবস্থায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি আফরাউজ্জামান খান চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ বিএনপি-সমর্থিত অর্ধশতাধিক শিক্ষক উপাচার্য এম আবদুস সোবহানের দপ্তরে যান। উপাচার্যকে না পেয়ে তাঁরা সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন।