রাজশাহীতে বিএনপির কান্ডারি এখন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পাঁচ দিন ধরে বিএনপির পুরুষ নেতা-কর্মীরা মাঠে নেই। নারী নেতৃত্বে চলছে জোটের বিভিন্ন কর্মসূচি। গতকাল মঙ্গলবার ১৮ দলের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে কোনো পুরুষের উপস্থিতি চোখে পড়েনি। মিছিল হয়েছে, তবে এর পুরোভাগেই ছিলেন নারীরা। এর আগে নেতাদের পক্ষে সংবাদ সম্মেলনও করেছেন নারীরা।
বিক্ষোভ মিছিলের কর্মসূচিতে জামায়াত-শিবিরের কর্মীরা উপস্থিত না থাকলেও তারা নগরে ঝটিকা মিছিল করে। গত ২৯ ডিসেম্বর ঢাকায় তাদের কর্মী খুন হওয়ার প্রতিবাদে তারা নগরের রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বোমা হামলায় সিদ্ধার্থ চন্দ্র সরকার নামের পুলিশের এক সদস্য নিহত ও আরও আট সদস্য আহত হন। ওই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনসহ জোটের প্রায় ৩৫০ নেতা-কর্মীর নামে নগরের বোয়ালিয়া থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। মামলার পর যৌথবাহিনী নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য তাঁদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালায়। এই অভিযান শুরুর পর থেকে নগরে নেতা-কর্মীদের আর দেখা যাচ্ছে না।
দলীয় সূত্রে জানা গেছে, নারীদের মধ্যে যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁদের বেশির ভাগই নেতাদের স্ত্রী ও স্বজন। নেতৃত্বের সম্মুখভাগে রয়েছেন মিনুর স্ত্রী সালমা শাহাদাত, মোসাদ্দেক হোসেনের স্ত্রী রেবেকা সুলতানা, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফের স্ত্রী মৌসুমী সাইদ, নগর বিএনপির সদস্য শাকিলুর রহমানের মা সখিনা বেগম, রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী কাজী হেনা প্রমুখ।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ১৮-দলীয় জোটের গতকালের কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহী মহানগর মহিলা দলের নেতা-কর্মীরা নগরের ভুবন মোহন পার্কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের মালোপাড়া কাদিরগঞ্জ হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। তবে বিক্ষোভ মিছিলের পুরোভাগে ছিলেন নারীরা। কোনো পুরুষ সদস্য এতে উপস্থিত ছিলেন না। মিছিলে নেতৃত্ব দেন সালমা শাহাদাত, কাজী হেনা, রাজশাহী সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর নুরুন্নাহার, শামসুন্নাহার প্রমুখ।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা তাঁদের নেতা-কর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে গত শনিবার নগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালমা শাহাদাত বলেন, ‘রাজশাহীতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রাতে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নেতাদের না পেয়ে সেখানে ভাঙচুর চালান। যৌথ বাহিনীর সদস্যরা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে ভয় দেখাতে চাইছেন। কিন্তু আমরা তাতে ভীত নই।’