রাজশাহীতে বিএনপির নেতৃত্বে এখন নারীরা
রাজশাহীতে গত পাঁচ দিন ধরে বিএনপির পুরুষ নেতা-কর্মীরা মাঠে নেই। নারী নেতৃত্বে চলছে জোটের বিভিন্ন কর্মসূচি। আজ মঙ্গলবার তাদের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে কোনো পুরুষের উপস্থিতি চোখে পড়েনি। মিছিল হয়েছে, তবে এর পুরোভাগেই ছিলেন নারীরা। এর আগে নেতাদের পক্ষে সংবাদ সম্মেলনও করেছেন নারীরা।
তবে বিক্ষোভ মিছিল কর্মসূচিতে জামায়াত-শিবিরের কর্মীরা উপস্থিত না থাকলেও তাঁরাই নগরে ঝটিকা মিছিল করেছেন। ২৯ ডিসেম্বর ঢাকায় তাঁদের কর্মী খুন হওয়ার প্রতিবাদে তারা নগরের রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে।
বিএনপির পক্ষে নারীদের মধ্যে যাঁরা নেতৃত্বে রয়েছেন, তাঁদের বেশির ভাগই নেতাদের স্ত্রী ও স্বজনেরা। নেতৃত্বের সম্মুখভাবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফের স্ত্রী মৌসুমী সাইদ, নগর বিএনপির সদস্য শাকিলুর রহমানের মা সখিনা বেগম প্রমুখ। রাজশাহী মহানগর মহিলা দলের সভানেত্রী কাজী হেনাও রয়েছেন তাঁদের সঙ্গে।
২৬ ডিসেম্বর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে বোমা হামলায় সিদ্ধার্থ চন্দ্র সরকার নামের এক পুলিশ সদস্য নিহত ও আরও আট পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেনসহ জোটের ৩৫০ নেতা-কর্মীর নামে নগরের বোয়ালিয়া থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। ওই দিন রাত থেকে যৌথ বাহিনী গ্রেপ্তারের জন্য নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান চালায় বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে নগরে নেতা-কর্মীদের আর দেখা যাচ্ছে না। নির্ধারিত কর্মসূচিতেও পুরুষ নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশ রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি ও ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে।
আজ জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ছিল। এতে নেতৃত্ব দেন নারী নেত্রীরাই। মিছিলের পুরোভাগে ছিলেন নারীরা। কোনো পুরুষ সদস্য এতে উপস্থিত ছিলেন না। দুপুরে রাজশাহী মহানগর মহিলা দলের নেতা-কর্মীরা নগরের ভুবন মোহন পার্কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি নগরের মালোপাড়া কাদিরগঞ্জ হয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদাত। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের নেত্রীরা তাঁদের নেতা-কর্মীদের নামে দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে গত শনিবার বিকেলে নগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নারীরাই। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা শাহাদাতের অভিযোগ, রাজশাহীতে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রাতে যৌথ বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নেতাদের না পেয়ে তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে ভয় দেখাতে চাচ্ছেন। কিন্তু আমরা তাতে ভীত নই।’ বিএনপির নেতারা যে আন্দোলনে আছেন, সেই আন্দোলনে তাঁরা স্বামীর পাশে থেকে সহযোগিতা করবেন।