রাজশাহীতে বিএনপির নেতৃত্বে বিভক্তি প্রকট
রাজশাহীতে বিএনপির নেতৃত্বে কোন্দল পুরোনো। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে এই কোন্দলে নতুন মাত্রা যোগ হয়েছে। নগর বিএনপির নেতাদের সঙ্গে জেলা বিএনপির নেতাদের বিভক্তি এখন প্রকট হয়ে উঠছে।
১৬ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী সফর নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য কেন্দ্রীয় নেতারা চেষ্টা করছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ১ জুলাই দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি মিজানুর রহমানের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় মিজানুর রহমানের বিরুদ্ধে কতিপয় দলছুট নেতাকে নিয়ে চেয়ারপারসনের পক্ষে জেলার সব নির্বাচনী এলাকার প্রার্থীর নাম ঘোষণারও অভিযোগ আনা হয়। এতে গৃহীত সিদ্ধান্তের কপি পরের দিন ফ্যাক্স ও ই-মেইল করে দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো হয়।
গত ১৮ আগস্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মনির সংগঠনের পক্ষ থেকে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন। এতে মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। এই সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ আজিজুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি আবদুল গফুর, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক মামুন অর রশীদ, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহীতে জেলা ও নগর বিএনপির কমিটি গঠনের এক বছর পর থেকেই দলের বিভক্ত কর্মসূচি পালন করা হচ্ছে। খালেদা জিয়ার সফরকে সফল করার লক্ষ্যে গত ২৮ আগস্ট জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামরুল মনিরের পক্ষ একই সময় পৃথক বর্ধিত সভা ডাকেন। দুই পক্ষই পত্রিকায় এ ব্যাপারে বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে দুই পক্ষই প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম উল্লেখ করে।
বর্ধিত সভা ঘিরে জেলা বিএনপিতে বিভক্তির বিষয়টি নজরে এলে কেন্দ্রীয় নেতারা সমাধানের উদ্যোগ নেন। এর ফলে আপাতত এক জায়গায় বর্ধিত সভা করা সম্ভব হয়েছে।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, সংগঠনের সভাপতির সঙ্গে তৃণমূল পর্যায়ের কমিটি গঠন নিয়ে সাংগঠনিক কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। এখন কেন্দ্রীয় নেতারা উদ্যোগ নিয়েছেন। তাঁরা এ সমস্যা সমাধানে একটি শক্তিশালী কমিটি গঠন করবেন। কমিটি দলের চেয়ারপারসনের কাছে প্রতিবেদন দাখিল করবেন। সেখান থেকে যে সিদ্ধান্ত আসে, সবাই তা মেনে নেবেন।