রাজশাহীতে বিএসএফের গুলিতে দুই ব্যক্তি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, তাঁরা ভারতীয় নাগরিক। গরু নিয়ে আসার সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁরা গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিরা হচ্ছেন আমিরুল ইসলাম (২৭) ও আমিনুল মোল্লা (২২)। বিজিবির ৩৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিই ভারতীয় নাগরিক। তাঁদের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাগমারী এলাকায়। সোমবার রাতে তাঁরা ভারত থেকে গরু নিয়ে ট্রলারে করে আসছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভারতের পিরোজপুর বাউথা এলাকা থেকে বাংলাদেশের মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে কাগমারী সীমান্ত ফাঁড়ির বিএসএফের সদস্যরা তাঁদের গুলি করেন। পরে তাঁরা আহত অবস্থায় মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহমান ও গরুর ব্যবসায়ী আফজাল হোসেনের মাধ্যমে হাসপাতালে ভর্তি হন। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের প্রথমে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় তাঁদের ঠিকানা বাংলাদেশের বাঘা উপজেলার মীরগঞ্জের চরকাগমারী লেখা রয়েছে। রাত দেড়টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই দুই ব্যক্তিও দাবি করেন, তাঁদের বাড়ি বাংলাদেশে। তবে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমান জানিয়েছেন, চরকাগমারী এলাকা বাংলাদেশের মধ্যে নয়।