রাজশাহীতে বিএসএফের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, দুজনই ভারতীয় নাগরিক। গরু নিয়ে আসার সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ হন তাঁরা।

অপরদিকে আহত ব্যক্তিরা বলছেন, তাঁদের বাড়ি বাংলাদেশে। অবশ্য স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য তাঁদের বাড়ি বাংলাদেশে নয় বলে নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন আমিরুল ইসলাম (২৭) ও আমিনুল মোল্লা (২২)। আমিরুলের বাবার নাম জহিরুল ইসলাম এবং আমিনুলের বাবার নাম এজাহার মোল্লা।

বিজিবির ৩৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ জানান, গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিই ভারতের নাগরিক। তাঁদের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার কাগমারি এলাকায়। গতকাল সোমবার রাতে তাঁরা ভারত থেকে গরু নিয়ে ট্রলারে করে আসছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভারতের পিরোজপুর বাউথা এলাকা থেকে বাংলাদেশের মীরগঞ্জ এলাকায় ঢুকলে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে কাগমারি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁরা মীরগঞ্জ বিট মালিক ইউপি সদস্য আবদুর রহমান ও গরু ব্যবসায়ী আফজাল হোসেনের মাধ্যমে হাসপাতালে ভর্তি হন।

রিয়াজ উদ্দিন আরও বলেন, তাঁদের ফেরত পাঠানোর জন্য বিজিবির পক্ষ থেকে কোম্পানি পর্যায় থেকে প্রতিবাদসহ বার্তা পাঠানো হয়েছে। তাঁরা সাড়া না দিলে ব্যাটালিয়ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে।

এদিকে আহতদের প্রথমে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় তাঁদের ঠিকানা বাংলাদেশের বাঘা উপজেলার মীরগঞ্জের চর কাগমারী লেখা রয়েছে। রাত দেড়টার দিকে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ওই দুই ব্যক্তিও দাবি করেন যে তাঁদের বাড়ি বাংলাদেশে। 

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহমান জানিয়েছেন, চর কাগমারি এলাকা বাংলাদেশের মধ্যে নয়। তাঁরা দুজনই ভারতীয় নাগরিক।